বাতিল নোটের কোটি রুপি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্রে একটি গাড়ি থেকে বাতিল ১০০০ রুপির নোটে মোট এক কোটি রুপিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবাসন শিল্প প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধিসহ ওই চারজনকে মহারাষ্ট্রের নাভি মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্যরা গ্রেপ্তার করে।

আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে আবাসন শিল্প প্রতিষ্ঠানের দুই প্রতিনিধির সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই দুজন আবাসন শিল্প প্রতিষ্ঠানের দুই প্রতিনিধিকে ৩০ শতাংশ কমিশনে বাতিল ওই নোট পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নাভি মুম্বাইয়ের সেক্টর-২৮ এর ভাসি এলাকায় কয়েকজন পুরোনো বাতিল নোট বদল করছেন বলে খবর পায় পুলিশের অপরাধ শাখার জ্যেষ্ঠ পরিদর্শক অশোক রাজপুত। পরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি থামিয়ে ওই চারজনকে আটক করে।

রাজপুত বলেন, আমরা চারজনকে আটক করেছি। গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০০ রুপির নোটে মোট এক কোটি রুপি পাওয়া যায়। তদন্ত করে জানা যায়, আবাসন শিল্প প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধিকে ওই দুই ব্যক্তি কমিশনের বিনিময়ে পুরোনো বাতিল নোট পরিবর্তন করে নতুন নোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রাজপুত বলেন, আমরা ফৌজদারি আইনে তাঁদের গ্রেপ্তার করেছি এবং আয়কর বিভাগকে খবর দিয়েছি। দুই ব্যক্তি কীভাবে পুরোনো নোট বদলে নতুন নোট দিতে যাচ্ছিলেন আমরা তা তদন্ত করতে যাচ্ছি।

গত ৮ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাল নোট এবং কালো রুপির বিতরণ রুখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঘোষণায় বলা হয়, যাঁদের হাতে বাতিল হওয়া নোট থাকবে, তাঁরা তা ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিসে ফেরত দিলে সমমূল্যের অর্থ পাবেন।