বাদ পড়লেন যোগেন্দ্র-প্রশান্ত
ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) জাতীয় নির্বাহী কমিটি থেকে অবশেষে বাদই পড়লেন দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ। বাদ পড়া দুজনই এএপির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরোধী বলে পরিচিত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দিল্লির অদূরে গতকাল শনিবার এএপির জাতীয় কাউন্সিলের সভায় যোগেন্দ্র-প্রশান্তকে বাদ দেওয়া হয়। সভায় জাতীয় কাউন্সিলের ৩০০ জন সদস্যের মধ্যে ২৩০ উপস্থিত ছিলেন। পুরোনো দুই সহযোগীকে নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের আগে কেজরিওয়াল এক আবেগময় ভাষণ নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। যাদবের সমর্থক বলে পরিচিত আনন্দ কুমার এবং অজিত ঝাকেও দলের নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়। সভাস্থল থেকে বেরিয়ে এসে যোগেন্দ্র যাদব বলেন, ‘জাতীয় নির্বাহী কাউন্সিলের সভায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ভুয়া ভোটাভুটি হয়েছে।’
প্রশান্ত ভূষণ বলেন, ‘সব কিছু আগে থেকে ঠিক করা ছিল।’