বানর তাড়াতে মানব লেঙ্গুড়
ভারতের পার্লামেন্ট ভবনে অনেক দিন ধরেই চলছে বানরের উত্পাত। নানা কারিকুরি করেও এ উত্পাত বন্ধ করা যায়নি। শেষে বেছে নেওয়া হয়েছে এক অভিনব কৌশল। বানর তাড়াতে পটু লেঙ্গুড় লেলিয়ে দেওয়া হয়েছে ওদের পেছনে। তবে সত্যিকারের লেঙ্গুড় নয়। মানব লেঙ্গুড়।
পিটিআইয়ের খবরে জানানো হয়, ভারতের পার্লামেন্ট ভবন ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে বানর আর কুকুরের উত্পাত চলছে। নয়াদিল্লি পৌর করপোরেশন রাবার বুলেট ব্যবহার করেও বানর তাড়াতে পারেনি।
খবরে বলা হয়, বানর আর কুকুরের উত্পাত বন্ধের বিষয়ে লোকসভার অধিবেশনে নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর কাছে জানতে চাওয়া হয়।
জবাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, বানর তাড়াতে ৪০ জন লোক ভাড়া করা হয়েছে, যারা লেঙ্গুড়ের বেশে বানর তাড়াবে। লেঙ্গুড় বানরের মতোই একধরনের প্রাণী, যারা সাধারণ বানর দেখলে তেড়ে যায়। আর বানরও ওদের বেশ ভয় পায়।
এ ছাড়া সপ্তাহে দুবার কুকুর ধরার একটি দল পার্লামেন্ট এলাকায় অভিযান চালাবে। তারা প্রতিষেধক না দেওয়া বেওয়ারিশ কুকুর অপসারণ করবে।