অতিথি শিক্ষক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন বিধানসভার সদস্যরা। গুরুগম্ভীর এই আলোচনার মধ্যে হঠাৎই নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে সেখানে ঢুকে পড়ে এক বানর। এরপর সরকারি দলের সদস্যদের সারি থেকে বিরোধী দলের সদস্যদের সারির দিকে দৌড় দিল। ১০ আগস্টের ঘটনা এটি।
ভারতের অনেক এলাকায় বানরের উৎপাত নতুন কিছু না হলেও দিল্লির বিধানসভায় সম্প্রতি এই ঘটনায় কেউ কেউ হতভম্ব। আবার কখন কোন দিক দিয়ে কোন বানর এসে উৎপাত জুড়ে দেয় কিংবা কামড়ে দেয়, সেই আতঙ্কে আছেন বিধানসভার সদস্য ও
কর্মীরা। সেদিনের বানরটি দরজায় দাঁড়ানো নিরাপত্তারক্ষীর দুপায়ের ফাঁক গলে ঢুকে পড়ে ঘটনাটি ঘটিয়েছিল।
এর আগে গত ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের দিনও দিল্লির বিধানসভার প্রাঙ্গণে ঢুকে পড়ে এক দল বানর। সাংবাদিক ও নিরাপত্তারক্ষীদের জন্য নির্ধারিত তাঁবুর কিছু অংশ ছিঁড়ে ফেলে তারা।
বিধানসভায় এই বানর-আতঙ্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, রীতিমতো পৌর করপোরেশন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বানরগুলো যাতে বিধানসভার সদস্যদের ভয় দেখাতে না পারে বা না কামড়ায়, সে জন্য নজর রাখতে পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে।
দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েল বলেন, ‘বিধানসভায় উৎপাত শুরু করা বানরগুলোকে ধরতে আমি নর্থ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনকে (এনডিএমসি) চিঠি দিয়ে অনুরোধ জানাব।’ তিনি বলেন, এনডিএমসি বানরগুলোকে ধরে অন্য জায়গায় সরাতে পারলে বিধানসভার সদস্য ও কর্মীরা নির্ভয়ে কাজ করতে পারবেন।