বাবরি মসজিদ: আদভানি-যোশীদের বিরুদ্ধে মামলা চলবে

২৫ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংস মামলা দুই বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আর সে জন্য বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীসহ মোট ২১ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালাতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ও রোহিনটন ফলি নরিম্যানের বেঞ্চ আজ বুধবার এ নির্দেশ দেন। বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তদন্ত করার জন্য সিবিআই শীর্ষ আদালতের অনুমতি চেয়েছিল। আজ সে আবেদন মঞ্জুর করা হয়। তবে বিজেপি নেতা কল্যাণ সিংকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। কল্যাণ সিং বর্তমানে রাজস্থানের রাজ্যপাল। এটা তাঁর রক্ষাকবচ। যত দিন তিনি রাজ্যপাল পদে বহাল থাকছেন, তত দিন পর্যন্ত তিনি তদন্তের আওতার বাইরে থাকবেন।
বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হওয়ার পর করসেবকদের বিরুদ্ধে একটি মামলা করা হয় লক্ষ্ণৌ নিম্ন আদালতে। শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্য মামলাটি হয় রায়বেরিলি আদালতে। দুটি মামলাই একসঙ্গে চালানোর ইঙ্গিত দুই বিচারপতি গত ৬ এপ্রিল দিয়েছিলেন। আজ তাঁরা মামলা শেষ করার সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি এই নির্দেশও দেন যে এই দুই মামলার সঙ্গে যেসব বিচারপতিরা যুক্ত আছেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের বদলি করা যাবে না।
আদভানি ও যোশী এই মুহূর্তে কোনো সরকারি পদে নেই। কিন্তু উমা ভারতী কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর প্রশ্ন উঠছে, তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন কি না।
আজ উমা ভারতী বলেছেন, ‘গোটা বিষয়টাই ছিল স্বতঃস্ফূর্ত। ষড়যন্ত্রের কোনো প্রশ্নই ওঠে না। সবকিছু মানুষের চোখের সামনে ঘটেছে। আমার বিবেক স্পষ্ট। আমার কথা ও কাজে কোনো বিভেদ ছিল না। আমার মনে একটাই বিষয় ছিল এবং আছে, সেটি রামমন্দির নির্মাণ। জেলে যেতে হলে যাব। ফাঁসিতে লটকানো হলে তা-ও হোক, সমস্যা নেই। আমি শুধু অযোধ্যায় রামমন্দির নির্মাণ দেখতে চাই।’
মন্ত্রীর পদ থেকে উমার পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। তার জবাবে তিনি বলেন, ‘দিল্লির দাঙ্গায় যখন শিখ নিধন হচ্ছিল, রাজীব গান্ধীর বাড়িতে তখন সোনিয়াও ছিলেন। তার মানে কি সোনিয়া শিখ নিধনযজ্ঞের ষড়যন্ত্রকারী ছিলেন?’
আদভানিকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে পেতে বিজেপির একটা মহল আগ্রহী ছিল। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে রাষ্ট্রপতি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশে সেই সম্ভাবনাও আর থাকল না।