বাবরি মসজিদ ধ্বংস নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের নোটিশ
বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ কেন আনা হবে না—এই মর্মে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের প্রবীণ নেতা এল কে আদভানিসহ ১১ জনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকেও নোটিশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
নোটিশ পাওয়া অন্য বিজেপি নেতাদের মধ্যে আছেন মুরলী মনোহর যোশি, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিং। অভিযোগের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুন্নি ওয়াক্ফ বোর্ডের পক্ষে হাজি মাহবুব আহম্মেদের এক পিটিশনের পরিপ্রেক্ষিতে ওই নোটিশ দেন আদালত।
এর আগে এলাহাবাদ হাইকোর্ট ওই নেতাদের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের একটি অভিযোগ নাকচ করে দেন। রামের জন্মস্থানে নির্মিত হয়েছে দাবি করে ১৯৯২ সালে হিন্দু মৌলবাদীরা ঐতিহাসিক ওই মসজিদটি ভেঙে ফেলে।
বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় বিজেপির নেতাদের বিরুদ্ধে এ পর্যন্ত দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রথমটিতে ধ্বংসের পেছনে ‘কয়েক লাখ অজ্ঞাত করসেবককে’ দায়ী করা হয়েছে। দ্বিতীয়টিতে বিশেষভাবে এল কে আদভানিকে ‘উসকানিমূলক’ বক্তব্যের জন্য দায়ী করা হয়েছে।
২০০১ সালে নিম্ন আদালত বিজেপি নেতাদের বিরুদ্ধে মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ বাতিল করে দেন এই যুক্তিতে যে এর সঙ্গে কেবল কর সেবকেরা জড়িত ছিলেন। পরে হাইকোর্টও সেই রায় বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সিবিআই আদালতে আবেদন করে। তদন্তের জন্য আরও সময় চাওয়ায় গতকাল সুপ্রিম কোর্ট সিবিআইকে নোটিশ দেন।
সিবিআইয়ের বিলম্বকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন আদভানি।