বাবরি মসজিদ মামলা: ছাড় পাচ্ছেন না আদভানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালকৃষ্ণ আদভানি
লালকৃষ্ণ আদভানি

বাবরি মসজিদ ধ্বংস মামলায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী ও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীসহ দলটির কয়েকজন নেতা ছাড় পাবেন না। আজ সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এমন ইঙ্গিত দিয়েছেন। দেশটির সর্বোচ্চ আদালত আভাস দিল, লালকৃষ্ণ আদভানিসহ বিজেপি নেতাদের আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুপ্রিম কোর্ট ২২ মার্চ এ ব্যাপারে আদেশ দেবেন।
এনডিটিভির খবরে বলা হয়, বাবরি মসজিদ ধ্বংস মামলায় ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছিল লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশীসহ শীর্ষ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে। নিম্ন আদালত ওই অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেন। মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এলাহাবাদ হাইকোর্টে যায়। সেখানেও বিচারক একই রায় দেন। কিন্তু সুপ্রিম কোর্ট এবার আভাস দিলেন, লালকৃষ্ণ আদভানিসহ বিজেপি নেতাদের আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুপ্রিম কোর্ট ২২ মার্চ এ ব্যাপারে আদেশ দেবেন।

উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। বিজেপি তথা সংঘ পরিবারের উদ্যোগে সমাবেশ আয়োজিত হয়েছিল সেই দিন। লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিংহ, কাটিয়ারসহ শীর্ষ কয়েকজন বিজেপি নেতা সেখানে প্ররোচনামূলক ভাষণ দেন। এরপরেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। উপস্থিত বিশাল জমায়েতকে উসকে দিয়ে মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্ত তাঁরাই করেছিলেন—এ অভিযোগেই মামলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।

বাবরি মসজিদ ধ্বংস এবং আদভানিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা—দুটিরই তদন্ত করছে সিবিআই। কিন্তু রায়বেরেলির একটি আদালত আদভানিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দেন। এতে ৮৯ বছর বয়সী আদভানিসহ বিজেপি নেতারা রেহাই পান। এরপর সিবিআই এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্টও জানিয়ে দেয়, নিম্ন আদালতের রায় ঠিক আছে। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের এই রায় পাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। দেশের সর্বোচ্চ আদালত আজ সোমবার আভাস দিয়েছে, আদভানিরা ছাড় না-ও পেতে পারেন। গাঁধীনগর ও কানপুরের প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আদভানি ও মুরলি মনোহর যোশী তো বটেই, সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও ছাড় পাচ্ছেন না।

সুপ্রিম কোর্ট আজ সোমবার বলেছেন, ‘পদ্ধতিগত কারণে আদভানি এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমরা খারিজ হতে দেব না। ১৩ জনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, তার সঙ্গে সম্পূরক অভিযোগ দিতে সিবিআইকে আমরা অনুমতি দিচ্ছি।’ এ ছাড়া সুপ্রিম কোর্ট বলেছে, যে আদালতে বাবরি মসজিদ মামলার বিচার চলছে, সেই আদালতকেই একই সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগের বিচার করতেও বলা হবে।

তবে আদালতে আদভানির আইনজীবী এর বিরোধিতা করে বলেন, যদি তা-ই হয়, তবে নিম্ন আদালতে ১৮৩ প্রত্যক্ষ সাক্ষীকে আবার ডাকতে হবে।

২২ মার্চ চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু আজ মামলাটির বিষয়ে সুপ্রিম কোর্ট সিবিআইকে যে নির্দেশ দিয়েছে, তাতে আদভানিদের বিরুদ্ধে বিচার শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।