বাবা-মায়ের যত্ন না নিলে বেতন কর্তন!
সরকারি কর্মচারীরা যদি বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করেন, তবে তাঁদের বেতন থেকে অর্থ কেটে নেওয়া হবে। সেই অর্থ পাঠিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির বাবা-মায়ের অ্যাকাউন্টে। ভারতের আসাম বিধানসভায় গত মঙ্গলবার রাজ্যর বাজেট পেশ করতে গিয়ে এমন প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাজ্যর বাজেট পেশ করতে গিয়ে ‘ঐতিহাসিক’ একটি প্রস্তাব রেখেছেন আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, ‘বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। যদি কোনো সরকারি কর্মী তাঁর বাবা-মাকে দেখাশোনা না করে অবহেলা করেন, তাহলে তাঁদের দেখাশোনার দায়িত্ব সরকারের। সে ক্ষেত্রে সরকারি ওই কর্মীর বেতন থেকে অর্থ কেটে তাঁর বাবা-মাকে দেওয়া হবে।’
বয়স্ক বাবা-মায়ের প্রতি সন্তানদের অবহেলার অভিযোগ ভারতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে খবরে বলা হয়েছে। আর এ জন্যই রাজ্য বিজেপি সরকার এমন একটি সিদ্ধান্ত নিল।
তবে কী পরিমাণ অর্থ বেতন থেকে কাটা হবে, তা জানা যায়নি।
২ হাজার ৩৪৯ কোটি ৭৯ লাখ টাকা বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি চাকুরেদের বাবা-মায়ের যত্ন অবশ্যই নিতে হবে। আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ বছর থেকে প্রতিবছর প্রত্যেক সরকারি চাকুরেকে (পাঁচ লাখ) বছরে দুই সেট পোশাক দেওয়া হবে। এ জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে চা-বাগানে কাজ করা অন্তঃসত্ত্বা নারীদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে। বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে চা-শ্রমিকদের জন্যও।
তবে আসামে বিজেপি সরকারের এই পদক্ষেপে আবার বিভিন্ন মহলে প্রশংসা কুড়ালেও সমালোচনা করছেন বিরোধীরা। তাদের অভিযোগ, ভোট ব্যাংক বাঁচাতেই এমন চেষ্টা করছে রাজ্য সরকার।