বাবাকে দেওয়া বিজিপির প্রতিশ্রুতির রক্ষা চান মেহবুবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহবুবা মুফতি
মেহবুবা মুফতি

সরকার গঠনের যাবতীয় দায়-দায়িত্ব বিজেপির ওপর চাপিয়ে দিল পিডিপি। আজ রোববার দলীয় বৈঠকে পিডিপির সভানেত্রী মেহবুবা মুফতি জানান, বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়তে তাঁর আপত্তি নেই কিন্তু তাঁর বাবাকে দেওয়া প্রতিশ্রুতিগুলি বিজেপিকে রাখতে হবে। শ্রীনগর থেকে পিডিপি সূত্রে আজ এই খবর জানা গেছে।

দলীয় বিষয় নিয়ে আলোচনার জন্য আজ দলীয় নেতাদের বৈঠকে ডেকেছিলেন মেহবুবা। সেখানে নেতারা সরকার গঠন নিয়ে তাঁর অভিমত জানতে চান। দলীয় সূত্রের খবর, বিজেপি নেতৃত্বের কাছ থেকে মেহবুবা নির্দিষ্টভাবে স্পষ্ট আশ্বাস দাবি করেছেন। তাঁর বক্তব্য, সরকার গঠনের সময় মুফতি মহম্মদ সঈদকে যে প্রতিশ্রুতিগুলি বিজেপি দিয়েছিল, সেগুলির রূপায়ণের স্পষ্ট আশ্বাস না পেলে তাঁর পক্ষে এগোনো সম্ভব নয়। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পিডিপির এক সূত্র অনুযায়ী, প্রতিশ্রুতিগুলোর অন্যতম হলো সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফসপা) সম্পূর্ণ প্রত্যাহার সম্ভব না হলে অন্তত কিছু জেলাকে এর আওতার বাইরে রাখা, সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া, সেই কারণে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে কথা বলা এবং বিদ্যুৎ প্রকল্পগুলোকে কেন্দ্রের হাত থেকে রাজ্যের হাতে তুলে দেওয়া। ওই সূত্রের কথায়, মেহবুবা বৈঠকে বলেন, এই ‘অ্যাজেন্ডা অব অ্যালায়েন্স’ নিয়ে বিজেপি এখনো নীরব। অথচ জোট সরকারের ১০ মাস কেটে গেছে। তিনি বলেন, তাঁর বাবা ও দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়েছিল। সেই সমঝোতার ভিত্তিতেই জোট সরকারের গঠন। সেই সরকার এগিয়ে নিয়ে যেতে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু স্পষ্ট আশ্বাস না পেলে তিনি হাত পোড়াতে রাজি নন। সূত্রটির মতে, মেহবুবা বৈঠকে বলেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন স্রেফ এই কারণে সরকার গড়ায় তাঁর কোনো আগ্রহ নেই।

দিল্লিতে বিজেপির এক সূত্রের মতে, আনুষ্ঠানিকভাবে পিডিপির পক্ষ থেকে কোনো প্রস্তাব পেলে তাঁরা তা বিবেচনা করবেন। রাজ্যপাল এন এন ভোরা ইতিমধ্যেই রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা শুরু করেছেন। দীর্ঘদিন এই অচলাবস্থা চললে রাজ্যে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত ৭ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের মৃত্যু হয়। শোক পর্ব না কাটলে মেহবুবা মুফতি সরকার গড়তে অস্বীকার করেন। ফলে ৮ জানুয়ারি রাজ্য রাজ্যপালের শাসন জারি করা হয়।