বাবাকে বহিষ্কার করে ছেলের 'গদি দখল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব
মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে তাঁর বাবা সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব শুক্রবার দল থেকে বহিষ্কার করে শনিবার পুনর্বহাল করেছিলেন। গতকাল রোববার সেই অখিলেশই এক বৈঠক ডেকে তাঁর বাবাকে সরিয়ে নিজেকে দলের প্রধান হিসেবে ঘোষণা করলেন। অবশ্য এর পরপরই মুলায়ম এই বৈঠককে ‘অসাংবিধানিক’ আখ্যায়িত করে বলেছেন, যাঁরা এর সঙ্গে ছিলেন তাঁদের সবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
দলের বিভিন্ন সূত্র জানায়, গতকাল লক্ষ্ণৌতে দলের জাতীয় কমিটির নেতাদের বৈঠক আহ্বান করেন অখিলেশ যাদব। ওই বৈঠক থেকে অপ্রত্যাশিত কোনো ঘোষণা আসতে পারে—এমন আশঙ্কায় সকালেই মুলায়ম সেখানে না যাওয়ার জন্য নেতা-কর্মীদের হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে অখিলেশপন্থী পাঁচ হাজার নেতা-কর্মী বৈঠকে যোগ দেন। মুলায়ম সিং যাদবের চাচাতো ভাই রাম গোপাল যাদব সেখানে অখিলেশকে দলের সর্বভারতীয় সভাপতি এবং মুলায়মকে অখিলেশের ‘প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি মুলায়মের ছোট ভাই (অখিলেশের চাচা) শিবপাল যাদবকে উত্তর প্রদেশে দলের সভাপতির পদ থেকে সরানো এবং অখিলেশ শিবিরের অন্যতম বিরোধী নেতা অমর সিংকে দল থেকে পুরোপুরি বহিষ্কার করারও ঘোষণা দেন রাম গোপাল। রাম গোপালের প্রস্তাব বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়। অখিলেশ শিবিরের অভিযোগ, অমর সিংই মুলায়মকে অখিলেশের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন।
বৈঠকে ‘জয় অখিলেশ’ জয়ধ্বনি ওঠে। সেখানে অখিলেশ বলেন, ‘সারা দেশের জানা উচিত আমি নেতাজিকে (মুলায়ম সিং যাদব) আগের চেয়েও বেশি শ্রদ্ধা করব...যদি কেউ নেতাজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে আমার দায়িত্ব হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
এরপরই মুলায়ম সিং যাদব এবং শিবপাল যাদব বৈঠক করেন। মুলায়ম এই ‘অসাংবিধানিক’ বৈঠক ডেকে ‘বেআইনি’ সিদ্ধান্ত ঘোষণার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন। এ ছাড়া ৫ জানুয়ারি দলের নীতিনির্ধারকদের জরুরি বৈঠক হবে বলেও ঘোষণা দেন মুলায়ম। খবর শুনে গতকালই লন্ডন থেকে অমর সিং দেশের পথে রওনা হন।
আগামী মাসে উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন। গত বুধবার হঠাৎ মুলায়ম সিং যাদব তাঁর ছোট ভাই শিবপালকে পাশে বসিয়ে বিধানসভার ৪০৩ আসনের মধ্যে ৩২৫ প্রার্থীর নাম ঘোষণা করেন। যাঁদের বিরুদ্ধে অখিলেশের আপত্তি, যে ১০ জন মন্ত্রীকে তিনি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন, যাঁদের নাম তিনি তাঁর তালিকায় রাখেননি, তাঁদের সবার নাম মুলায়মের এই তালিকায় ছিল। তাঁরা সবাই দলের রাজ্য শাখার সভাপতি শিবপাল যাদবের ঘনিষ্ঠ।
অখিলেশ বাবার দেওয়া এই তালিকা না মেনে তাঁর অনুগত সমানসংখ্যক প্রার্থীর একটি পাল্টা তালিকা প্রকাশ করেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুক্রবার অখিলেশ ও রাম গোপাল যাদবকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন মুলায়ম। শনিবার অখিলেশকে আবার দলে নেওয়ার ঘোষণা দিলেও রাম গোপালের বহিষ্কারাদেশ বহাল রাখেন তিনি। এরপর গতকাল এ ঘটনা নাটকীয় মোড় নেয়।