বাবার খুনের বিচারে কাশ্মীরি কন্যার লড়াই

১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসের এক রাত। ভারতের শ্রীনগরের ফতেহ কাদাল নামের এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। সেই রাতে তুলে নিয়ে যায় অসুস্থ মুশতাক আহমেদ ভুট্টোকে। ৮৩ দিন পরে তাঁকে পেয়েছিল পরিবার, তবে লাশ। ওই ঘটনার সময় মুশতাকের এক ও দুই বছরের দুটি শিশু রেখে যান। সেই সময়ের এক বছরে শিশু জিনাত ভুট্টো এখন পড়ছেন আইন বিভাগে।
ছোট্ট বয়সে বাবা হারানোর কথা ভোলেননি ২৫ বছরের জিনাত। বাবাকে হত্যায় জড়িত সেনাসদস্যদের বিচারের মুখোমুখি করতে কাশ্মীরের রাজ্য মানবাধিকার কমিশনে আবেদন করেছেন। বাবার জন্য ন্যায়বিচার চেয়ে লড়াই করছেন আইনের ছাত্রী জিনাত।
বাবাকে ধরে নিয়ে যাওয়ার সেই দিনের কাহিনি মা মেহমুদার কাছে বারবার শুনতেন জিনাত। ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি রাতে বাড়ি ঘিরে ফেলে সেনাসদস্যরা। অসুস্থ ছিলেন মুশতাক। সেনাসদস্যদের ডাকে বাড়ির বাইরে যান। অসুস্থ থাকায় হয়তো তাঁর মুখে আশঙ্কার ভাবও বেশি ফুটে উঠেছিল। মেহমুদা ভাবেন, তাই সেনাসদস্যদের সন্দেহ বেড়ে যায়। মুশতাককে নিয়ে যান তাঁরা।
পরের কয়েক দিন মুশতাকের খোঁজ মেলেনি। অনেক খোঁজ করার পরে মেহমুদার সঙ্গে যোগাযোগ হয় বাদামিবাগ সেনানিবাসের এক পরিচ্ছন্নতাকর্মীর। তিনি মুশতাকের ঘড়ি সঙ্গে নিয়ে এসেছিল। মেহমুদাকে ঘড়িটা দিয়ে সে জানায়, মুশতাককে বাদামিবাগেই বন্দী করে রাখা হয়েছে। তাঁকে বাড়িতে খবর দিতে বলেছে মুশতাক। ঘড়িটা পাঠিয়েছে যাতে মেহমুদা তাঁকে বিশ্বাস করেন।
জিনাত জানান, ঘটনার পর মা, নানা-নানি বাদামিবাগ সেনানিবাসে যান। সেখানে মুশতাকের সঙ্গে দেখাও হয় তাঁদের। মুশতাক তাঁদের জানান, সেনারা তাঁকে অত্যাচার করছে। কিছুদিন পরে তাঁকে কোটবালওয়াল কারাগারে পাঠানো হয়।
পরিবারের সদস্যেরা রাজনীতিকদের শরণাপন্ন হন। শেষ পর্যন্ত ন্যাশনাল কনফারেন্সের নেতা আলী মহম্মদ সাগর মুশতাকের মুক্তির জন্য জোর তদবির চালান। ১৯৯৩ সালের ২৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার দুই দিন আগে বাড়িতে আসে তাঁর মরদেহ। জিনাতের দাবি, তাঁর বাবাকে খুন করেছে সেনাদেরই একাংশ।
জিনাত ভুট্টো বলেন, ‘সাত বছর বয়স পর্যন্ত বাবার মৃত্যুর বিষয়ে কিছুই জানতাম না। ধারণা করতাম কিছু একটা হয়েছে। কারণ, লোকজন বাবার বিষয়ে কিছু একটা বলত এবং তারা আমাকে দেখলেই চুপ হয়ে যেত।’
ছোটবেলায় জিনাতকে বলা হতো তোমার আবু (বাবাকে আমি আবু ডাকতাম) দিল্লিতে কাজ করেন। যখন কোনো বিমান উড়ে যেত, তখন বাড়ির লোকজন বলতেন, ‘এই তো তোমার আবু এসে পড়ছে।’
তবে জিনাতেরা বড় হওয়ার পর তাঁর মা আর প্রকৃত সত্য গোপন করেননি। জিনাত বলেন, ‘পরে মা আমাদের বলেছেন কীভাবে বিয়ের মাত্র চার বছরের মাথায় তিনি বিধবা হয়েছেন। ভারতীয় সেনারা কীভাবে পরিবারকে ধ্বংস করেছেন।’
তখন থেকেই বাবার জন্য লড়াই করার কথা ভেবেছেন জিনাত। কিন্তু কীভাবে লড়ব করবেন তা জানতেন না, কিন্তু কিছু একটা করতে চাইতেন। প্রথমে পুলিশ অফিসার হওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু উপত্যকায় বেশি নারী পুলিশ অফিসার নেই। এ কারণে আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন। ধর্মবিশ্বাসী জিনাত হিজাব পরেন।
২০০৯ সালে জিনাতের বড় বোন তাঁর বাবার মৃত্যুর বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রতিবেদন চেয়ে কাশ্মীরের রাজ্য মানবাধিকার কমিশনে (এসএইচআরসি) আবেদন করেন। সেনাসদস্যদের কাছ থেকে বাবার মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন চাওয়ার পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আবেদন জানান তিনি। তবে নয় বছর ধরে এসএইচআরসি মুশতাকের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন চেয়ে এলেও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি।
অবশ্য বাবার খুনিদের বিচারের মুখোমুখি করতে দৃঢ়প্রতিজ্ঞ জিনাত। তিনি বলছেন, ‘কখনোই তিনি বিচারের চেষ্টা ছাড়বেন না। বাবাকে হত্যার পর মাকে অত্যন্ত কষ্ট করে বেঁচে থাকতে হয়েছে। তিনি কাপড় সেলাইয়ের কাজ করতে শুরু করলেও তেমন একটা উপার্জন হতো না। নানা-নানি আমাদের দুই বোনকে পড়াশোনা করিয়েছেন এবং বড় বোনকে বিয়ে দিয়েছেন। কিন্তু নানা-নানিও মারা গেছেন। এখন বেঁচে থাকতেই আমাদের সংগ্রাম করতে হচ্ছে। তার পরও আমরা বাবার জন্য লড়ে যাব।’
তথ্যসূত্র: গ্রেটার কাশ্মীর ডট কম ও আনন্দবাজার