বাবার গাড়িতে দুই ভাইয়ের মৃত্যু
বাড়ির সামনেই রাখা ছিল গাড়িটি। বাবার গাড়িতে বসে আনমনে খেলছিল দুই ভাই। বড় প্রেমের বয়স চার বছর। ছোট প্রীতমের বয়স দুই বছর। খেলতে খেলতে হঠাৎ তাদের মধ্যে কেউ গাড়ির কেন্দ্রীয় তালা ব্যবস্থা চালু করে। এতে তালাবদ্ধ হয়ে গাড়িতে আটকা পড়ে শিশুরা। একপর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে মরা যায় দুই শিশু।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ভারতের কর্ণাটক রাজ্যের খানাপুরের মাদিগাঞ্জিতে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গাড়িতে তাদের খেলার সঙ্গী ছিল পাঁচ বছরের পৃথ্বি। গাড়িটি লক হয়ে যাওয়ার আগে নেমে পড়ায় সে প্রাণে বেঁচে যায়।
আটকা পড়ার পর দুই শিশু সাহায্যের জন্য গাড়ির ভেতর থেকে চিৎকার শুরু করে। কিন্তু কেউ তাদের খেয়াল করেনি। তাদের কান্নাও কারও কানে পৌঁছায়নি। বেশ খানিকক্ষণ বাদে প্রেম ও প্রীতমকে গাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে দুই ভাইকে খানাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসকেরা বলছেন, তীব্র গরম ও অক্সিজেনের অভাবের কারণে শিশুদের শ্বাসরুদ্ধ হয়ে যায়। এভাবেই একপর্যায়ে তারা মারা যায়। গত বছরের আগস্টে তামিলনাড়ু রাজ্যের ঠুটহুকোদিতে একইভাবে গাড়ির মধ্যে আটকা পড়ে চার শিশু মারা যায়।