বাবার জন্য ছেলের ত্যাগ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিরেহু লিজিয়েতসু বাবার মুখ্যমন্ত্রিত্বের জন্য ছেড়ে দিলেন বিধায়ক পদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
খ্রিরেহু লিজিয়েতসু বাবার মুখ্যমন্ত্রিত্বের জন্য ছেড়ে দিলেন বিধায়ক পদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাবার মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখতে ছেলে ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকে। সঙ্গে খোয়ালেন মন্ত্রী মর্যাদার পরিষদীয় সচিবের পদ। ভারতের নাগাল্যান্ড রাজ্যের তরুণ নেতা খ্রিরেহু লিজিয়েতসু গতকাল বুধবার পদত্যাগপত্র পাঠালে আজ বৃহস্পতিবারই তা গৃহীত হয়। তাঁর পদত্যাগের কারণে খালি হওয়া আসনেই লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুরজেলি লিজিয়েতসু।
৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভার নির্বাচন ২০১৮ সালের প্রথম দিকে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী সুরজেলি লিজিয়েতসুকে আগামী ২১ আগস্টের মধ্যেই বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে। নতুবা খোয়া যাবে তাঁর মুখ্যমন্ত্রী পদ। কারণ, বিধানসভার সদস্য নন তিনি। নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের (এনপিএফ) সভাপতি হিসেবে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিশেষ রাজনৈতিক অস্থিরতার সময় দলীয় মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াংকে সরিয়ে তিনি কুর্সিতে বসেন। ভারতীয় সংবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হয়ে আসা জরুরি হয়ে পড়ে তাঁর জন্য।
এটা মাথায় রেখেই ৮১ বছরের বৃদ্ধ বাবার জন্য ৫১ বছরের খ্রিরেহু ত্যাগ করলেন বিধায়ক পদ। সঙ্গে খোয়া গেল মন্ত্রীর মর্যাদাসম্পন্ন যুবসম্পদ, ক্রীড়া, রাজ্য লটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের পরিষদীয় সচিবের দায়িত্বও। বিধানসভার স্পিকার ছোতিসো সাজোর নির্দেশে পদত্যাগপত্র আজ গৃহীত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিধানসভার সচিব বেঞ্জামিন নিউমাই।
এই ঘোষণার ফলে কোহিমা জেলার নর্থান অঙ্গামি বিধানসভা আসনটি খালি হলো। ফলে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক পদে জিতে আসতে আর কোনো বাধা রইল না বর্তমান মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, বিজেপি-সমর্থিত ডেমোক্রেটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড বা ড্যান-এর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় এনপিএফের একাই রয়েছে ৪৬ জন বিধায়ক (ইস্তফা গৃহীত হওয়ায় এখন অবশ্য ৫৯-এ ৪৫)। বিজেপির রয়েছে চারজন বিধায়ক। ২০১৩ সালের নির্বাচনে কংগ্রেস খাতাই খুলতে পারেনি। অন্যদের মধ্যে জেডিইউ এবং এনসিপির একটি করে আসন রয়েছে। নির্দল বিধায়ক রয়েছেন আটজন। রাজ্যে কোনো দলই বিরোধী দলের মর্যাদাও আদায় করতে পারেনি।