বাম-কংগ্রেস জোটের কড়া সমালোচনা মমতার
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানাচ্ছেন নতুন গঠিত বাম-কংগ্রেস জোটকে। প্রচারের নিরিখে এখনো এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গের কংগ্রেসের ঘাঁটি মুর্শিদাবাদের সূতিতে গতকাল বৃহস্পতিবার মমতা নির্বাচনী জনসভা করেন। তাঁর বক্তব্যের লক্ষ্যবস্তু ছিল সেই বাম-কংগ্রেস জোট। মমতা বলেছেন, কোনো রামধনু জোট পরাস্ত করতে পারবে না তৃণমূলকে। তৃণমূল একা লড়েই ছিনিয়ে আনবে বিজয়।
মমতা এই জনসভায় কংগ্রেসকে কং-ধনু, বাম দলকে বাম-ধনু রূপে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘এবার এই কং-ধনু, বাম-ধনু আর বিজেপিকে নিয়ে গড়া রামধনু জোট এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না।’ জোট গঠনের সমালোচনা করে বলেন, কংগ্রেস আজ বাম দলের কাছে আত্মসমর্পণ করেছে।
মমতার বিরুদ্ধে সুভাষ বসুর নাতি: এবারের বিধানসভা নির্বাচনে মমতা লড়ছেন দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে। গত বুধবার রাতেই বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা করা হয়েছে, এই আসনে বিজেপির হয়ে লড়বেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু। এ বছরের জানুয়ারি মাসে চন্দ্রকুমার বসু বিজেপিতে যোগ দেন।