বাম-কংগ্রেস জোটকে স্বাগত জানালেন রাহুল

কেন্দ্রীয়ভাবে বাম দল সিপিএম বা কংগ্রেসের তরফ থেকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বাম জোট গড়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও উভয় দলই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে জোট করে ফেলেছে। এই জোটকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।
পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিকদের বলেন, আজ বুধবার পশ্চিমবঙ্গের কংগ্রেস-বাম জোট নিয়ে তিনি এক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। ওই বৈঠকে অধীর চৌধুরী রাহুল গান্ধীকে আসন সমঝোতার ব্যাপারে জানান। অধীর চৌধুরীর কথায় সায় দিয়ে বাম-কংগ্রেস জোটকে স্বাগত জানান রাহুল গান্ধী। ফলে কংগ্রেস-বামজোটের মধ্যে আর কোনো বাধা থাকছে না।
এদিকে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জোট। বাকি আসনের চূড়ান্ত পর্যায়ের প্রার্থী তালিকা তৈরির করার জন্য এখন এই দুই দলের মধ্যে আলোচনা চলছে। কংগ্রেস সূত্র থেকে বলা হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে ২৯৪ আসানের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে কংগ্রেস এবং বাম দল। যদিও আজ বুধবার মাল দহে নির্বাচনী জনসভা করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘জোটের নামে নকল নাটক চলছে। এ জোট অনৈতিকতার’। তিনি বলেন, কোনো জোটই এবার আর ক্ষমতায় আসবে না।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, এই মমতাইতো ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। জোট করেছিলেন এর আগে বিজেপির সঙ্গেও। তাই তাঁর মুখে এসব কথা মানায় না। মানুষ এবার জবাব দেবে তারা এই জোট চায় কি না?