বাম ভোটব্যাংকে নজর দিচ্ছে বিজেপি ও তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান দখলের লড়াই চলছে এখন। নেমে পড়েছে রাজ্যের দুই শক্তিশালী দল তৃণমূল ও বিজেপি। বিজেপির কথা, তারা এ রাজ্যে চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সিপিএম আর কংগ্রেসকে সরিয়ে দিয়েছে। তাদের লড়াই হবে তৃণমূলের সঙ্গে। রাজ্যের মানুষ ধীরে ধীরে তৃণমূলের ওপর থেকে মুখ সরিয়ে নিচ্ছে। তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করছে। সামনে বিজেপির দিন।

অন্যদিকে তৃণমূল বলছে, রাজ্যের ৪২টি লোকসভা আসনই তাদের চাওয়া। তৃণমূলের যুক্তি, বাম দল আর কংগ্রেস তো রাজ্য থেকে শেষ হয়েছে। তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। রাজ্যের ভবিষ্যৎ তৃণমূলের হাতে। ধর্মনিরপেক্ষ মানুষ ‘ধর্মান্ধ’ বিজেপিকে ভোট দেবে না। ফলে জয় হবে তৃণমূলের।

সত্যিই কি তৃণমূল ৪২ আসনে জিতবে? এ রাজ্যের একটি আসন রয়েছে দার্জিলিংয়ে। আসনটি মূলত দার্জিলিংয়ের নেতারা যাঁকে ঠিক করেন, তিনিই জিতে আসছেন। ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার নির্দেশে এ আসনে জিতেছিল বিজেপি। আসনের বর্তমান বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের একজন প্রতিমন্ত্রী।

তবে আর বিজেপির সঙ্গে সখ্য নেই দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি নেতাদের। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন করতে গিয়ে আটকে গেছেন খুনসহ নানা মামলায়। তিনি এখন আত্মগোপন করে আছেন। অন্যদিকে, বিমল গুরুংয়েরই একসময়ের ডান হাত বিনয় তামাং মমতার সঙ্গে হাত মিলিয়ে গোর্খা পার্বত্য পরিষদ জিটিএর প্রধান হয়েছেন। ফলে মমতাও মনে করছেন, এবার এ আসনে তৃণমূল প্রার্থী জিতবেন। বাম দল ও কংগ্রেসের শক্তি ফুরিয়ে যাওয়ায় তাঁদের জয় কে ঠেকায়!

বিজেপি বলেছে, তাদের আসন বাড়ছে এই রাজ্যে। ২০১৪ সালে ছিল দুই আসন, এবার সে সংখ্যা বাড়বে। তাদের লক্ষ্য ২৫। বিজেপিও মনে করছে, রাজ্যে বাম দল এবং কংগ্রেসের অবস্থা শোচনীয়। তাদের আসন পাওয়া নিয়ে সংশয় রয়েছে। বিজেপি মনে করছে, কংগ্রেসের ভোটব্যাংকের একটি অংশের ভোট তাদের ঝুলিতে আসবে। কারণ, যেসব কংগ্রেস নেতা তৃণমূলবিরোধী, তাঁরা বেছে নেবেন বিজেপিকে।

সিপিএম বা বাম দল কী করবে? বিজেপির যুক্তি, কট্টর বামপন্থীরা তাঁদের আদর্শের বাইরে গিয়ে ভোট দেবেন না বিজেপিকে। ভোট দেবেন না তৃণমূলকে। কারণ, রাজ্যে বামেদের প্রধান শত্রু তৃণমূল। এখানেই বিজেপি নতুন যুক্তি। বাম দলের কট্টরপন্থীরা বিজেপিকে ভোট না দিলেও উদারপন্থীদের একটি অংশের ভোট তারা পাবে। গত শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সে ইঙ্গিত দিলেন সাংবাদিকদের।