বামদলের সঙ্গে জোটে আপত্তি নেই মমতার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে বামদলের সঙ্গে জোট গড়তে মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই বলে তিনি আভাস দিয়েছেন। গতকাল শুক্রবার কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ আভাস দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে নীতিশ-লালুর মহাজোটকে স্বাগত জানিয়ে বলেন, লোকসভা নির্বাচনের আগে এ ধরনের জোট হলে বিজেপিকে ঠেকানো সম্ভব ছিল। আগামী দিনে বিজেপিকে ঠেকাতে রাজনীতিতে এ ধরনের সমীকরণ হলে তাঁর আপত্তি থাকবে না।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামদলের সম্পর্ক অনেকটা আদায়-কাঁচকলায়। ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পর মমতার প্রধান শত্রু হিসেবে চিহ্নিত হয়ে আসছে বামদল, বিশেষ করে সিপিএম। প্রতিটি সভা-সমাবেশে বামদল বা বামফ্রন্টের বিরুদ্ধে সোচ্চার হওয়াই ছিল মমতার প্রধান অস্ত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে জয়ী বিজেপির জয়ে পশ্চিমবঙ্গে দলটির উত্থান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা। বিজেপিকে এখনই রোখা না গেলে অদূর ভবিষ্যতে যে খেসারত দিতে হবে, তৃণমূল এখন সেটা উপলব্ধি করতে পারছে।
সাক্ষাত্কারে মমতা বলেন, রাজনীতিতে কোনো দলই অচ্ছুত নয়। এ ধরনের সমীকরণের প্রস্তাব এলে আলোচনা হতেই পারে।

তৃণমূলপ্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেন, সিপিএম কোনোদিনও তৃণমূলের সঙ্গে জোট করতে যাবে না। এর আগে বিভিন্ন ইস্যুতে সর্বদলীয় বৈঠক করার কথা বললেও মমতা সম্মত হননি।

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বিজেপিকে ভয় পাচ্ছেন। এখন তৃণমূল বেকায়দায় পড়েছে বলে সিপিএমকে প্রয়োজন হয়ে পড়েছে।