বামদের সঙ্গে জোটে আগ্রহী পশ্চিমবঙ্গ কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্বের একটি বড় অংশ রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অগ্রগতি রুখতে বামপন্থীদের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী। এই আগ্রহের কথা লিখিতভাবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে জানানো হয়েছে। গত বুধবার সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এই আরজি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা আবদুল মান্নান।
প্রথম আলোকে আবদুল মান্নান বলেন, ‘তৃণমূলের সঙ্গে জোট বেঁধে কংগ্রেসের লাভ হয়নি। তা ছাড়া বিজেপির অগ্রগতি রোখার ক্ষমতা ও ইচ্ছাও ওদের নেই। প্রয়োজনে তৃণমূল ফের বিজেপির হাত ধরতে পারে। কংগ্রেস ও বামপন্থীরা যা কখনো করবে না।’ এই আরজিতে অধিকাংশ কংগ্রেসীর সায় আছে বলে জানান মান্নান। তিনি বলেন, ‘এই জোট হবে কি হবে না, তা পরের কথা। তবে রাজ্যের কোনো কংগ্রেস নেতা ও কর্মীই চান না দল আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করুক।’
জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কংগ্রেস যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, তাতে চার বামপন্থী দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মমতা আসতে রাজি হওয়ায় নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় বামপন্থীদের সঙ্গে জোট বাঁধার দাবি চনমনে করে তুলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে।