বামদের সঙ্গে জোটে আপত্তি নেই মমতার
কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে গঠিত কোনো জোটে বামপন্থীরা থাকলেও সেখানে যোগ দিতে আপত্তি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। খবর এনডিটিভির।
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতার তৃণমূল ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে। রাজ্য রাজনীতিতে বাম বিরোধিতা ছিল কংগ্রেস ভেঙে নতুন দল গড়া মমতার রাজনীতির মূল উপজীব্য। তবে মমতা এটা স্পষ্ট করে বলেছেন যে এই জোট হতে পারে কেন্দ্রে, রাজ্যে নয়।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছিলেন। কংগ্রেস আয়োজিত ওই অনুষ্ঠানে ক্ষমতাসীন বিজেপি আমন্ত্রণ পায়নি। অনুষ্ঠানের পরে একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন মমতা। কংগ্রেসের নেতৃত্বে বিজেপিবিরোধী কোনো জোট হলে যোগ দেবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থ, শান্তি ও নিরাপত্তার জন্য আমি জোটে যোগ দিতে রাজি।’ ‘সাম্প্রদায়িক শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, জানান অতীতে বিজেপি জোটের মন্ত্রী থাকা মমতা।