
সব হিসাব উল্টে দিয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ক্ষমতায় বহাল রাখার পক্ষেই রায় দিয়ে বুঝিয়ে দিল যে ভোটের মুখে তাড়াহুড়া করে কংগ্রেস ও বামপন্থীরা যে জোট গড়েছিল, তা মানুষ প্রত্যাখ্যান করেছে। ভোটের চূড়ান্ত ফল পুরোপুরি ঘোষিত না হলেও স্পষ্ট হয়ে গেছে যে ২১০টির বেশি আসনে জিততে চলেছে তৃণমূল, যা আগের তুলনায় অনেক বেশি।
২০১৪ সালের লোকসভা ভোটের ফল অনুযায়ী পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৭টি আসনে এগিয়ে ছিল। কংগ্রেস এগিয়ে ছিল ২৯টি আসনে। এবার বিধানসভা ভোটে দেখা যাচ্ছে বামফ্রন্ট ২৬টি এবং কংগ্রেস ৪৪টি আসনে জিতেছে বা জিততে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে ভোটের শতাংশের যে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে বামপন্থীদের ভোট ২০১৪ সালে প্রাপ্ত প্রায় ৩০ শতাংশ থেকে কমে ২৬ শতাংশে দাঁড়িয়েছে। কংগ্রেসের ভোট কিন্তু বেড়েছে, আগে ছিল ৯ শতাংশ, এবার হয়েছে প্রায় ১২ শতাংশ। ফলে নতুন বিধানসভায় প্রধান বিরোধী দল হিসাবে বামপন্থীদের পেছনে ফেলে কংগ্রেস সামনে চলে এসেছে। কিন্তু তা সত্ত্বেও এত বড় পরাজয় দুই দলকেই ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে, তার ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী আগেভাগেই স্বীকার করে নিয়েছেন, কংগ্রেসের সমর্থকেরা অনেকেই বামপন্থীদের ভোট দেননি, তাঁরা তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন।
ভোটের ফলেও এর প্রতিফলন ঘটেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামপন্থীদের প্রাপ্ত ভোটের হিসাব ধরলে উত্তরবঙ্গের সাত জেলা ও লাগোয়া জেলা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের খুব কম আসনেই জেতার সম্ভাবনা ছিল। কিন্তু দেখা গেল, উত্তরবঙ্গের বহু আসন তৃণমূল কংগ্রেসের কাছে হাতছাড়া করতে হয়েছে কংগ্রেসিরা বাম প্রার্থীদের বদলে তৃণমূলকে ভোট দেওয়ায়। আবার উত্তরবঙ্গেই বিজেপি একাধিক কেন্দ্রে জয়ী হয়েছে। শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গেও কংগ্রেস প্রার্থীদের বামপন্থীরা ভোট দিলেও কংগ্রেস থেকে বামদের দিকে তেমনভাবে ভোট আসেনি। একই সঙ্গে দক্ষিণবঙ্গে সংখ্যালঘু ভোটও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ছেড়ে যায়নি।
এ রকম যে ঘটতে চলেছে, তার কোনো আঁচ কিন্তু বামপন্থীরা পাননি। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্বীকার করেছেন, কংগ্রেসের ভোট বামপন্থীদের এবং বামপন্থীদের ভোট কংগ্রেসকে, এটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও স্বীকার করেন, ‘১৫ থেকে ২০ শতাংশ মানুষ নীরবে ভোট দিয়েছেন। তাঁদের মনে কী ছিল আমরা বুঝতে পারিনি।’ সিপিএম নেতা মহম্মদ সেলিম ক্ষোভের সঙ্গে বলেছেন, কংগ্রেস জোট করলেও ভোট ট্রান্সফার করেনি। বিপর্যয়ের কারণ খোঁজার সঙ্গেই দোষারোপের পালাও শুরু হতে চলেছে।
সবচেয়ে বেশি প্রশ্ন উঠতে বাধ্য এই জোটের ভাগ্য নিয়ে। আগে মনে করা হচ্ছিল, এই নির্বাচনে ফল ভালো করলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপিকে ঠেকাতে বিহারের নিতীশ কুমার-লালু প্রসাদদের সঙ্গে কংগ্রেস জোট গড়ে সাফল্য পেয়েছিল, সেই জোটকেই আরও প্রসারিত করে দেশজুড়ে একটা বৃহত্তর জোট গড়ার দিকে কংগ্রেস ও বামপন্থীরা এগোবে। কিন্তু পশ্চিমবঙ্গে জোট নিয়ে পরীক্ষায় এত বড় ধাক্কা খাওয়ার পরে কংগ্রেস ও বামপন্থীরা কি আবারও সেই পথে হাঁটবে? সূর্যকান্ত মিশ্র যতই দাবি করুন যে বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে জোটবদ্ধ করে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার যে লড়াই শুরু হয়েছে, তা প্রাসঙ্গিকতা হারায়নি।
মমতাকে অভিনন্দন মাহমুদ আলীর: বার্তা সংস্থা বাসস জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বিশাল বিজয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘এটা আপনার গরিববান্ধব, উন্নয়নমুখী নীতি এবং পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণে আপনার নিষ্ঠার স্বীকৃতি।’