বায়ুদূষণ নির্ণয়ে ভারতে সূচক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণের পরিমাণ মাপতে ভারতে প্রথমবারের মতো দূষণের মাত্রা নির্ণয়ের সূচক প্রকাশ করা হলো। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই সূচক প্রকাশ করেন। খবর বিবিসির।
এই সূচক প্রকাশের পর এখন থেকে ভারতের ১০টি বড় শহরের দূষণের মাত্রা পরিমাপ করা হবে। এই শহর ১০টি হলো দিল্লি, আগ্রা, কানপুর, লক্ষ্ণৌ, বারানসি, ফরিদাবাদ, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। প্রধানমন্ত্রী মোদির ‘স্বচ্ছ ভারত অভিযানের’ অংশ হিসেবে এই সূচক প্রকাশ করা হলো। এই সূচকে ছয় ধরনের বায়ুদূষণকারী উপাদানের হিসাব তুলে ধরা হবে। এর সঙ্গে তুলে ধরা হবে এগুলোর স্বাস্থ্যগত প্রভাবও।
গত বছর প্রকাশিত এনভায়রনমেন্টাল প্রেফারেন্স ইনডেক্সে বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ১৭৪তম। ডিজেলচালিত যানবাহনসহ সব রকমের যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতে বায়ুদূষণের পরিমাণ সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। শুধু যানবাহন নয়, শিল্পদূষণ, নির্মাণকাজের ফলে সৃষ্ট দূষণ ও বনের পরিমাণ কমতে থাকায় দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে। এর সঙ্গে বাড়ছে দূষণজনিত রোগের পরিমাণও।
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক জরিপে বলেছে, বিশ্বের ২০টি দূষিত শহরের মধ্যে ১৩টিই ভারতে। এর মধ্যে রাজধানী নয়াদিল্লি সবচেয়ে বেশি দূষিত। ডব্লিউএইচওর জরিপে এ-ও বলা হয়, ভারতে প্রতিবছর ৬ লাখ ২০ হাজার মানুষ বায়ুদূষণের কারণে মারা যায়।