বারানসিতে পদদলনে ১৯ পুণ্যার্থী নিহত
ভারতের উত্তরাঞ্চলে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর প্রদেশ রাজ্যে হিন্দুদের পবিত্র শহর বারানসিতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় ধর্মীয় গুরু জয় গুরুদেবের কয়েক হাজার অনুসারী এক অনুষ্ঠানে সমবেত হন এবং তাঁরা একসঙ্গে গঙ্গা নদীর ওপর রাজঘাট সেতুর দিকে এগিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী।
রাজ্য পুলিশের প্রধান জাভেদ আহমেদ বলেন, ওই সেতু-সংলগ্ন একটি সরু রাস্তায় বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে। ক্রমবর্ধমান ভিড়ের মধ্যে একজন পুরুষ শ্বাসরোধে মারা গেলে জনতার মধ্যে মানসিক উত্তেজনার সৃষ্টি হয়। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, রাজঘাট সেতু ভেঙে পড়েছে। এই গুজবের কারণে আরও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
জাভেদ বলেন, ‘তাঁরা পাঁচ হাজার মানুষের অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেখানে তার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম ঘটে। গুজব ছড়িয়ে পড়লে তারা একসঙ্গে সেতুটি পার হতে যাচ্ছিল। সমাবেশের ব্যবস্থাপনার বিষয়টি আমরা তদন্ত করছি এবং ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার্লামেন্টে এই বারানসি এলাকার প্রতিনিধিত্বকারী। তিনি টুইটবার্তায় বলেছেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি কর্মকর্তাদের এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বলেছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সেখানে মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমার মাসহ অনেক লোক মারা গেছেন।’
ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হওয়ার ঘটনা বিরল নয়। এসব উৎসবে অতিরিক্ত ভিড়ের কারণে দায়িত্বে থাকা পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা প্রায়ই হতবিহ্বল হয়ে পড়েন। তাঁদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় না।
গত জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলের পবিত্র নদীর তীরে পদদলিত হয়ে ২৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়। ২০১৩ সালের অক্টোবরে মধ্যপ্রদেশ রাজ্যের একটি মন্দিরের কাছে পদদলিত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়। সাত বছর আগে ওই স্থানে পদদলিত হওয়ার আরেকটি ভয়বহ ঘটনা ঘটে।