বালু ভাস্কর্যে বর্ষবরণ

বড়দিনে বিশ্বের প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক উপহার দিয়েছিলেন বালুর সান্তা ক্লজ। আর আজ সোমবার খ্রিষ্টীয় নববর্ষ ২০১৮ সালকে বরণ করতে সুদর্শন বানিয়েছেন ‘গো গ্রিন ২০১৮’ শিল্পকর্ম। প্রতিবছর সুদর্শন পট্টনায়েক এই বালুশিল্প উৎসবের আয়োজন করেন পুরীর সমুদ্রসৈকতে। নববর্ষের সবুজায়নের বালুর ভাস্কর্য দেখতে সকাল থেকে ভিড় জমে যায় পুরীর সমুদ্রসৈকতে।
নববর্ষের ভাস্কর্যের পাশাপাশি সুদর্শন তৈরি করেছেন বিশ্বের বৃহত্তম জগন্নাথ দেবের বালুর ভাস্কর্য। এটি তৈরি করতে লেগেছে ৮০০ টন বালু। ভাস্কর্যটি উচ্চতায় ৩০ ফুট আর প্রস্থে ৬০ ফুট।

সুদর্শন পট্টনায়েক বলেছেন, বিশ্বে এটিই জগন্নাথ দেবের সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। শিল্পীকে এই ভাস্কর্য তৈরিতে সাহায্য করেছেন তাঁর ৪০ জন সহকারী। ২০১৩ সালে সুদর্শন পট্টনায়েক ২৫ ফুট উঁচু জগন্নাথ দেবের বালুর মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পর্যটকদের।
পুরীর বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের খ্যাতি বিশ্বব্যাপী। যেকোনো উৎসবে বালুর ভাস্কর্য তৈরি করা তাঁর নেশা। এসব শিল্প তৈরি করে শুধু ভারত নয়, বিশ্বেও ছড়িয়েছে তাঁর নাম।
বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত বিভিন্ন বালুর ভাস্কর্য প্রদর্শন অনুষ্ঠানে সুদর্শন যোগ দিয়েছেন। পেয়েছেন বহু পুরস্কারও। সুদর্শন পট্টনায়েক ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রীও পেয়েছেন। পুরীতে গড়েছেন তাঁর ‘স্যান্ড আর্ট ইনস্টিটিউট’। এখানে বালুশিল্প নিয়ে পড়ানো হয়।