বাসিতকে 'প্রমাণ দিয়ে' অঙ্গীকার মনে করিয়ে দিল ভারত
পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে তলব করে তাঁর হাতে উরি-হামলায় ‘পাকিস্তানি যোগসাজশের’ বেশ কিছু প্রমাণ তুলে দিল ভারত। সেই সঙ্গে তাঁকে মনে করিয়ে দেওয়া হলো, ২০০৪ সালে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো রকম ভারত-বিরোধী কাজের জন্য তারা তাদের দেশের মাটিকে ব্যবহৃত হতে দেবে না।
ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর গতকাল বুধবার সন্ধ্যায় ক্যাবিনেট সচিবালয়ে আবদুল বাসিতকে ডেকে পাঠান। উরিতে হামলার সময় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে পাওয়া ‘পাকিস্তানি যোগসাজশের প্রমাণ’ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাসিতকে বলা হয়, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বারবার তা লঙ্ঘিত হচ্ছে। এটা খুব উদ্বেগের।
হাইকমিশনার বাসিতকে তলব করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, উরি হামলা থেকে এটা প্রমাণ হচ্ছে, পাকিস্তানে সন্ত্রাসীদের পরিকাঠামো সব এখনো অটুট রয়েছে। পাকিস্তান তার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করুক এটাই ভারতের দাবি।
উরিতে হামলাকারীদের কাছ থেকে যা উদ্ধার হয়েছে তার তালিকাও বিবৃতিতে দেওয়া হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে জিপিএস যন্ত্র, যার রেকর্ডে তথ্য পাওয়া গেছে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল। কোন সময় কোন রাস্তা ধরে তারা ঘটনাস্থলে এসেছিল তা ওই জিপিএসে ধরা রয়েছে। তা ছাড়া রয়েছে পাকিস্তানি ছাপ মারা গ্রেনেড, যোগাযোগের যন্ত্র ও ম্যাপ এবং খাবার, ওষুধ ও জামা কাপড়। সেগুলোতেও পাকিস্তানি দোকানের ছাপ রয়েছে। বাসিতকে বলা হয়েছে, পাকিস্তান যদি তদন্ত করতে চায় তা হলে ভারত উরি ও পুঞ্চে নিহত জঙ্গিদের হাতের আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা দিয়ে তাদের সাহায্য করতে পারে।