বাসে মুখ্যমন্ত্রীর আহার-নিদ্রা-অফিস

কয়েকদিন ধরে ঠায় দাঁড়িয়ে আছে ক্যারাভানের মতো বিশাল একটা বাস। এর মধ্যেই খাওয়া, গোসল, ঘুম, অফিস করা—সবকিছু চালিয়ে যাচ্ছেন ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
রাজ্যের বিশাখাপট্টনাম এলাকায় এভাবে অবস্থান করছেন নাইডু। গত সপ্তাহে ঘূর্ণিঝড় হুদহুদের কারনে লন্ডভন্ড হয়ে যাওয়া শহরের মানুষের প্রতি সমবেদনা জানাতেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ। খবর এনডিটিভির।
গত সোমবার থেকে বাসটি নাইডুর সরকারি অফিসের প্রধান ফটকের সামনে দাঁড় করানো হয়েছে। আর এখান থেকেই নাইডু তাঁর যাবতীয় সরকারি ও ব্যক্তিগত কাজ করে চলেছেন।
বাসটিতে প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি সোফা, ট্রেনের সিটের চেয়ে একটু বড় বিছানা আছে। মুখ্যমন্ত্রী যাতে উপদ্রুত এলাকার পুনর্বাসনের কাজে ত্বরিত নির্দেশ দিতে পারেন, সেজন্য টেলিকনফারেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রী সেখানে অবস্থান করে নিজে পুনর্বাসনকাজ দেখভাল করছেন।
প্রায় দেড় লাখ মানুষ হুদহুদের কারণে অন্য জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষ তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। এ কারণে সর্বশেষ ব্যক্তির পুনর্বাসন ও বিদ্যুৎ-ব্যবস্থা চালুর শেষ খুঁটি পোঁতার কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।