বাড়ির পাইপ থেকে বের হল গাদা গাদা রুপি

পাইপের ভেতরে একটি লাঠি ঢুকিয়ে টেনে টেনে অর্থ বের করে আনেন কর্মকর্তারা
ছবি: এএনআই

গণপূর্তের এক প্রকৌশলীর বাড়িতে অভিযানে গিয়ে পাইপের ভেতর থেকে ২৫ লাখ রুপি উদ্ধার করেছে ভারতের কর্ণাটকের দুর্নীতি দমন ব্যুরো। অভিযানে বিপুল পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কর্ণাটকজুড়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন ব্যুরো। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে ১৫ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার সঙ্গে সংশ্লিষ্ট ৬০ এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে সান্থা গৌদা বিরাদার নামের ওই প্রকৌশলীর বাসায় অভিযান চালিয়েছেন ব্যুরোর কর্মকর্তারা।

বিরাদারের বাড়ি কালবুর্গি জেলায়। গণপূর্তের যুগ্ম প্রকৌশলী বিরাদার তাঁর বাসার পাইপলাইনে অর্থ লুকিয়ে রেখেছেন বলে দুর্নীতি দমন ব্যুরোর কাছে আগেই খবর ছিল।

অভিযানের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, অভিযান পরিচালনাকারী দলটি পানির পাইপ সারানো মিস্ত্রির সহায়তায় পাইপের ভেতরে থেকে টেনে টেনে অর্থ বের করে নিয়ে আসেন। মূলত জ্ঞাত আয়বহির্ভূত অর্থ গোপনে লুকিয়ে রাখার জন্যই বাড়িতে ওই পাইপগুলো স্থাপন করেছেন বিরাদার। এগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সম্প্রতি বলেন, রাজ্য সরকার কোনো ধরনের দুর্নীতিই সহ্য করবে না। আর দোষীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতি দমন ব্যুরোর প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেবে রাজ্য সরকার।

সম্প্রতি বেঙ্গালুরুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়েও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন ব্যুরো।