বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের বৈঠক শুরু
দুই দেশের সীমান্ত সংঘর্ষ বন্ধের লক্ষ্যে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের তিন দিনের বৈঠক গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে। এতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের মহাপরিচালক মেজর জেনারেল উমর ফারুক বারকি দেশটির পক্ষে ১৬ জনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ২৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক।
২০১২ সালে ভারতে ও তার পরের বছর পাকিস্তানে এই শীর্ষ পর্যায়ের বৈঠক হয়। এরপর গত দেড় বছর আর কোনো বৈঠক হয়নি।
রাশিয়ার শহর উফায় গত জুলাইয়ে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের বৈঠকে ঠিক হয়েছিল, পররাষ্ট্রসচিব, সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান ও ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হবে। কাশ্মীরের হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠককে ঘিরে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর এই বৈঠককে ঘিরেও একটা সময় সংশয় দেখা দিয়েছিল। তবে বিএসএফ মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যমূলক ও ইতিবাচক পরিবেশে আলোচনা শুরু হয়েছে।
উফার বৈঠকের পর থেকে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে যে তথ্যগুলো বৈঠকে পেশ হবে তাতে দেখা যাচ্ছে, ২০১৪ সালে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে মোট ৪৩০ বার ও নিয়ন্ত্রণরেখা বরাবর ১৫৩ বার পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গুলি চালিয়েছে। এই বৈঠকের পর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হবে কি না জানতে চাওয়া হলে বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বৈঠকের উদ্দেশ্যই তাই।’