বিএসএফ নিয়ে মমতার মন্তব্যে রাজ্যপালের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়ায় গতকাল বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে আবারও ক্ষোভ ঝাড়লেন। বিএসএফ নিয়ে তাঁর একের পর এক তীর্যক মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

মমতার মন্তব্যের জেরে রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল বলেছেন, রাজ্যের নিরাপত্তা প্রশ্নে বিএসএফ নিয়ে মমতার মন্তব্য দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।

নদীয়ায় প্রশাসনিক বৈঠকে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মমতা বিএসএফ প্রসঙ্গে বলেছেন, ‘সব সময় সীমান্ত এলাকায় সতর্ক থাকুন। বিধায়কদের সঙ্গে সহযোগিতা করুন। সীমান্তের পরিস্থিতির দিকে লক্ষ রাখুন।’

এই নদীয়া জেলায় বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। নদীয়ার ধানতলা-গাংনা থেকে করিমপুর পর্যন্ত ১৬৫ কিলোমিটার এই সীমান্ত। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার কাঁটাতারবিহীন। মমতা বলেছেন, ‘আপনাদের সেসব সীমান্তের দিকে নজর রাখতে হবে। বিএসএফ যাতে এলাকায় গিয়ে আপনাদের অনুমতি ছাড়া কোনো কিছুতে জড়াতে না পারে, সেটা দেখতে হবে। মানুষের ওপর বিএসএফের কোনো অত্যাচার হোক, সেটা কখনো সহ্য করব না।’

এর আগে মুখ্যমন্ত্রী মমতা গত মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় রাজ্যের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বিএসএফ সম্পর্কে সতর্ক করেছিলেন রাজ্যবাসীকে। বলেছিলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের, বিএসএফের নয়। তাদের দায়িত্ব সীমান্ত রক্ষা করা। কিন্তু এই বিধি রাজ্যজুড়ে বলবৎ থাকলেও বিএসএফ এখন তাদের এখতিয়ার উপেক্ষা করে ঢুকে পড়ছে আমাদের সীমান্ত এলাকার গাঁও–গ্রামে। অত্যাচার চালাচ্ছে সাধারণ গ্রামবাসীর ওপর।’

এ অবস্থায় গতকাল রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। রাজ্যপাল চিঠিতে লেখেন, ‘আপনার এই বার্তা জাতীয় নিরাপত্তা ও ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে বিপজ্জনক। পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সেখানের জাতীয় নিরাপত্তা ও অবৈধ কাজকর্ম ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএসএফ ও জাতীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তাই বিএসএফ সম্পর্কে এ ধরনের মন্তব্য কাম্য নয়।’