বিএসএফের বিমান দুর্ঘটনায় নিহত ১০
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক বিমান দুর্ঘটনায় ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তিনজন বাহিনীর কর্মকর্তা, বাকি সাতজন প্রকৌশলী। দিল্লি থেকে বিশেষ বিমানে তাঁরা সবাই ঝাড়খন্ডের রাজধানী রাঁচি যাচ্ছিলেন বাহিনীর একটি হেলিকপ্টার মেরামত করতে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি। এ নিয়ে তদন্ত চলছে।
দুর্ঘটনাটি ঘটে সকাল ১০টা নাগাদ। সুপারকিং বিমানটি সকাল সাড়ে নয়টা নাগাদ উড্ডয়ন করার সামান্য পরই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। পাইলটের বার্তা পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) তাঁকে ফেরত আসার নির্দেশ দেয়। সেই ফেরার সময়েই বিমানবন্দরের সীমানার পাঁচিলে বিমানটি ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বিমানের আরোহীদের।
সামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর পক্ষ থেকেও তদন্ত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনাস্থল ঘুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সব জানান।
দিল্লি বিমানবন্দরের উত্তর-পশ্চিম প্রান্তের দ্বারকা এলাকার গডজৌলা গ্রামের প্রান্তেই দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দরের পাঁচিল-ঘেরা সীমানার পাশেই গাছগাছালি। তার পাশে গুরগাঁও যাওয়ার প্রশস্ত রাস্তা। রাস্তার কিছুটা তফাত দিয়ে সমান্তরাল রেললাইন। রেললাইনের খানিক দূরেই গ্রাম। বিমানবন্দর সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ফেরার সময় সুপারকিং বিমানটি দুটি গাছে ধাক্কা মেরে গোত্তা খেয়ে পাঁচিলে আছড়ে পড়ে। সূত্রটি বলে, দুর্ঘটনাটি কয়েক মুহূর্ত আগে ঘটলেই বিমানটি জনবহুল গ্রামে ভেঙে পড়ত। আর কয়েক মুহূর্ত পরে ঘটলে ঘটত বিমানবন্দরের অভ্যন্তরে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দল জানায়, সৌভাগ্যবশত ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না, রেললাইনও ছিল খালি। যে জায়গায় দুর্ঘটনা ঘটে ঠিক সেখানেই রয়েছে একটা পানি পরিশোধনের প্ল্যান্ট। সেখানে কর্মরত একদল শ্রমিকের মধ্যে চারজন কমবেশি আহত হন।
ভারতের রাজধানীর সকাল এখনো খুব কুয়াশাচ্ছন্ন হয়নি। কাজেই দৃশ্যহীনতা এই দুর্ঘটনার কারণ নয়। বিমানটির রক্ষণাবেক্ষণ ঠিক ছিল কি না কিংবা পাইলটের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তসাপেক্ষ।