বিকেল চারটায় আস্থা ভোটের প্রস্তাব করবেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েদুরাপ্পা
ইয়েদুরাপ্পা


বিকেল চারটায় আস্থা ভোটের প্রস্তাব পেশ করবেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, তার আগে আজ শনিবার বেলা ১১টা থেকে শুরু হলো নতুন বিধায়কদের শপথ গ্রহণ। কিন্তু তার আগে চলে আসো একপ্রস্থ নাটক।

রাজ্যপাল বাজুভাই বালা গতকাল শুক্রবার সকালেই প্রোটেম স্পিকার নিযুক্ত করেন বিজেপি বিধায়ক কে জি বোপাইয়াকে। নাটকের নতুন অঙ্কের শুরু ওখান থেকেই। কংগ্রেস-জেডিএস নেতারা বোপাইয়ার নামে আপত্তি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন। রাতে কংগ্রেসের দুই আইনজীবী অভিষেক মনু সিংভি ও কপিল সিবাল হাজির হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বাড়ি। প্রধান বিচারপতি জানিয়ে দেন, শনিবার সকাল সাড়ে ১০টায় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই আবেদন শুনবেন।

কংগ্রেস-জেডিএসের আপত্তি কোথায়? এক নম্বর, বোপাইয়া বিতর্কিত স্পিকার। ২০১০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার হয়ে তিনি আস্থা ভোট পরিচালনা করেছিলেন। ১১ জন বিজেপি ও পাঁচজন স্বতন্ত্র বিধায়কের সদস্যপদ খারিজ করে তিনি ইয়েদুরাপ্পাকে জিতিয়ে দিয়েছিলেন। ২০১১ সালে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, স্পিকার নিরপেক্ষ ছিলেন না। তা ছাড়া স্পিকার বোপাইয়া সাংবিধানিক রীতি নীতিও লঙ্ঘন করেছিলেন। কংগ্রেসের দ্বিতীয় যুক্তি, রীতি অনুযায়ী সাধারণত সবচেয়ে প্রবীণ বিধায়ককে প্রোটেম স্পিকার করা হয়। সেই রীতি অনুযায়ী কংগ্রেসের আটবারের বিধায়ক আর ভি দেশপান্ডেকে প্রোটেম স্পিকার করা দরকার।

আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ শুরু হয়। বিচারপতিরা কংগ্রেস আইনজীবীদের বলেন, প্রোটেম স্পিকারকে বাতিল করতে হলে তাঁকে নোটিশ পাঠাতে হয়। সে ক্ষেত্রে আস্থা ভোট পিছিয়ে যাবে। তা ছাড়া বিচারপতিরা বলেন, অনেক ক্ষেত্রেই প্রবীণতম বিধায়ককে প্রোটেম স্পিকার করা হয়নি। কংগ্রেসের দুই আইনজীবী বিধানসভা অধিবেশনের স্বচ্ছতার প্রশ্ন তোলেন। বিচারপতিরা তখন বলেন, গোটা অধিবেশন লাইভ টেলিকাস্ট করা হবে। কংগ্রেস-জেডিএস তাতে সন্তুষ্ট হয়। প্রোটেম স্পিকার হিসেবে বোপাইয়াই বহাল থাকলেন।

প্রোটেম স্পিকার তখনই ভোট দেন, যখন ভোট সমান সমান হয়। অতএব বিজেপির একটি আসন কমে হলো ১০৩। জেডিএস নেতা কুমারস্বামী দুটি কেন্দ্র থেকে জিতেছেন। তবে ভোট দিতে পারবেন একবার। অর্থাৎ, জোটের শক্তিও একটা কমে হলো ১১৫। একইভাবে ২২২ আসনের বিধানসভার শক্তি দাঁড়াল ২২০-এ। গরিষ্ঠতা পেতে গেলে দরকার ১১১ ভোট।

কংগ্রেসের দুই বিধায়কের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। জেডিএসেরও একজন নিখোঁজ। কিন্তু দুজন স্বতন্ত্র জোটের পক্ষে রয়েছেন। এখন দেখার, ১০৩ শক্তির বিজেপি না ১১৫ শক্তির জোট, আস্থা ভোটের পর কারা জয়ী হয়। কোনো বিধায়ক শপথ না নিলে সভার মোট সংখ্যা কমে যাবে। গরহাজির থাকলে অথবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁদের বিধায়কপদ খারিজ হয়ে যাবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রোটেম স্পিকার সভার কাজ চালাবেন। এর অর্থ, প্রস্তাবের পক্ষে-বিপক্ষে প্রথমে হবে ধ্বনি ভোট। তারপর ডিভিশন। অর্থাৎ, সদস্যদের জন্য নির্দিষ্ট বোতাম টিপে ভোট। আপাতত কর্ণাটক তো বটেই, দেশজুড়েই উত্তেজনার খই ফুটছে।