বিক্ষুব্ধ কাশ্মীরে পুলিশের গুলিতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীরে শ্রীনগরের উত্তরে নারবাল এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে বিক্ষোভকারীরা। বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমকে আবার গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দিনব্যাপী বিক্ষোভ চলে l ছবি: রয়টার্স
কাশ্মীরে শ্রীনগরের উত্তরে নারবাল এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে বিক্ষোভকারীরা। বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমকে আবার গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল দিনব্যাপী বিক্ষোভ চলে l ছবি: রয়টার্স

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। নতুন করে গ্রেপ্তার হওয়া কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমের মুক্তির দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
মাসারাত আলমের মুক্তির দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হয় কাশ্মীরে। রাজধানী শ্রীনগরের কাছের নারবাল গ্রামে ধর্মঘটের সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এতে সোহেল আহমেদ ভাট নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়। পুলিশ সোহেলের নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বলেছে, কয়েক শ বিক্ষোভকারী মিছিল নিয়ে পাথর ছুড়তে ছুড়তে স্থানীয় বাজারের দিকে আসতে থাকে। এ সময় বাজারের দোকানপাট এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করলে তারা গুলি ছোড়ে।
পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে আরও বিক্ষোভকারী মিছিলে এসে যোগ দেয়। পরে সেই মিছিলও পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
পাঁচ বছর কারাভোগের পর মুক্তির কয়েক সপ্তাহের মধ্যে মাসারাত গত শুক্রবার আবার গ্রেপ্তার হন। বিচ্ছিন্নতাবাদী এই নেতার ডাকা একটি সমাবেশে পাকিস্তানি পতাকা প্রদর্শন করা হলে তিনিসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি উঠেছিল।
কাশ্মীরের চরমপন্থী নেতা সৈয়দ আলী শাহ গিলানি এবং মধ্যপন্থী হুরিয়াত নেতা মির্জা ওমর ফারুককে গৃহবন্দী করা হয়েছে। পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এই দুই নেতাকে সাময়িকভাবে গৃহবন্দী করা হয়েছে।