বিক্ষোভের মধ্যে পাঠানকোটে পাকিস্তানের তদন্ত দল
কংগ্রেস ও আম আদমি পার্টির (এএপি) প্রবল প্রতিবাদের মধ্যে পাকিস্তানের পাঁচ সদস্যের যৌথ তদন্তকারী দল (জেআইটি) গতকাল মঙ্গলবার ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে যায়। বিক্ষোভের কারণে বিমান ঘাঁটির পেছনের দরজা দিয়ে জেআইটির সদস্যদের ঢোকানো হয়। অবশ্য ঘাঁটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের নিয়ে যাওয়া হয়নি। পাকিস্তানি তদন্তকারী দলের দৃষ্টির আড়ালে রাখতে বেড়া লাগিয়ে নানা রঙের কাপড় দিয়ে ঢেকে রাখা হয় গুরুত্বপূর্ণ এলাকাগুলো।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনা গোয়েন্দা বাহিনীর শীর্ষ দুই কর্তাসহ জেআইটির প্রতিনিধিদের গতকাল দিল্লি থেকে বিশেষ বিমানে অমৃতসর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বাসে চাপিয়ে পুলিশি পাহারায় তাঁদের নিয়ে যাওয়া হয় পাঠানকোটে। কিন্তু মূল সদরে বিক্ষোভের কারণে তাঁদের ঢোকানো হয় পেছনের দরজা দিয়ে। যেসব স্থানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই হয়েছিল, সেগুলো ঘুরে দেখানো হয়। সীমান্তের যে জায়গা দিয়ে তারা ভারতে ঢুকেছিল, নিয়ে যাওয়া হয় সেখানেও।
এই প্রথম পাকিস্তানের কোনো দল তাদের দেশের মদদে ঘটা বলে অভিযোগ ওঠা সন্ত্রাসী হামলার অভিযোগের তদন্তে ভারতে এল। তদন্ত দলে রয়েছেন সেই আইএসআইয়েরই শীর্ষ কর্তা, যে সংস্থাকে এ দেশে সন্ত্রাসী হামলার পেছনে হাত থাকার দায়ে বারবার অভিযুক্ত করে আসছে ভারত। বিক্ষোভও এ কারণেই। এএপির প্রতিবাদের নেতৃত্বে ছিলেন দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র। জেআইটিকে আসতে দেওয়ার সিদ্ধান্তকে ‘আইএসআই-বিজেপি আঁতাত’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘যারা মারছে, তাদেরকেই তদন্ত করতে দেওয়ার সিদ্ধান্ত লজ্জার ও বিরক্তিকর। দেশের জওয়ানদের ঘাতকদের মোদি সরকার বিরিয়ানি খাওয়াচ্ছে!’
কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি অবশ্য এই সমালোচনা গায়ে মাখছে না। দলের সভাপতি অমিত শাহ বলেছেন, এই প্রথম পাকিস্তান তদন্তের বিষয়ে সত্যিকারের একটা চেষ্টা করছে এবং আগ্রহ দেখিয়েছে।
এত দিন ধরে পাকিস্তানি মদদে সন্ত্রাসী হামলার যেসব অভিযোগ ভারত করে এসেছে, পাকিস্তান সরকার তার একটিরও দায় গ্রহণ করেনি। এবারও যে করবে, সেই আশা দৃশ্যত কংগ্রেস করে না। কংগ্রেস গতকালও এই সিদ্ধান্তকে হাস্যকর ও অমর্যাদাপূর্ণ বলে আখ্যা দিয়েছে।