বিক্ষোভে নিহত ৭৫০ কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেবে তেলেঙ্গানা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর মোদি সরকার তিনটি কৃষি আইন পাস করলে ভারতজুড়ে আন্দোলন শুরু করেন কৃষকেরা
ফাইল ছবি: এএফপি

ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে নিহত ৭৫০ জন কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা সরকার। রাজধানী নয়াদিল্লির সীমান্তে নিহত এই কৃষকদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গতকাল শনিবার রাজ্যটির সরকারের কাছ থেকে এমন ঘোষণা আসে বলে জানিয়েছে এনডিটিভি।
কৃষকদের টানা আন্দোলনের মুখে গত শুক্রবার তিনটি কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইন তিনটি প্রণয়নের পর থেকে শুরু করে প্রায় এক বছর ধরে আন্দোলন করেন কৃষকেরা। এই আন্দোলনের একপর্যায়ে কৃষকেরা রাজধানী নয়াদিল্লিও অবরুদ্ধ করেন।

রাজ্য সরকারের তিন লাখ রুপির পাশাপাশি কেন্দ্রীয় সরকার যাতে নিহত কৃষকদের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়, সেই দাবি তুলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এ ছাড়া আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

চন্দ্রশেখর রাও জানান, ৭৫০ জন কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারের ২২ কোটি ৫০ লাখ রুপি ব্যয় হবে। বিক্ষোভে নিহত কৃষকদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে কৃষক নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি।

তেলেঙ্গানা রাজ্যের ধানচাষিদের পক্ষে গত বৃহস্পতিবার হায়দরাবাদে ধরনায় অংশ নেন চন্দ্রশেখর রাও। সেখানে তিনি ঘোষণা দেন কৃষক ইস্যুতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পিছপা হবেন না। সবকিছুর আগে দেশের কৃষকদের আত্মনির্ভর করে তোলার দাবি করেন তিনি। সেদিনের সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তিনি নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।
বছর দেড়েক আগে করোনা পরিস্থিতির মধ্যে তিনটি কৃষি আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকার অধ্যাদেশ জারি করে। তারপর গত বছরের সেপ্টেম্বরে পার্লামেন্টের খণ্ডকালীন অধিবেশনে প্রায় বিনা আলোচনায় বিরোধীদের দাবি উপেক্ষা করে তিনটি আইন পাস করানো হয়।

আইনগুলোর মধ্যে প্রথমটি ‘অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) আইন’ বা ‘দ্য এসেনশিয়াল কমোডিটিজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট’। দ্বিতীয়টি ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন আইন’ বা ‘ফারমার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিয়েশন) অ্যাক্ট’। তৃতীয়টি ‘কৃষক সুরক্ষা ও ক্ষমতায়ন (মূল্য এবং কৃষি পরিষেবাসংক্রান্ত) আইন’ বা ‘ফারমার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট’।