বিগ-বিকে আদালতে সোপর্দ করার পুরস্কার এক কোটি রুপি!
শিখবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে সম্প্রতি তলব করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তাতে সাড়া দেননি বিগ-বি। এর জের ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখদের একটি সংগঠন বলেছে, কেউ যদি অমিতাভকে আদালতে সোপর্দ করতে পারেন, তাহলে তাঁকে এক কোটি ভারতীয় রুপি পুরস্কার দেওয়া হবে।
আজ মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় শিখদের মার্কিনভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, ১৯৮৪ সালে শিখ দেহরক্ষীর গুলিতে খুন হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এ জের ধরে তখন বহু শিখকে হত্যা করা হয়।
অভিযোগ রয়েছে, ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর ওই বছরের ৩১ অক্টোবর রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সামনে অমিতাভ বচ্চন ‘খুন কা বদলা খুন’ (ব্লাড ফর ব্লাড) স্লোগান দেন। এই স্লোগান দেওয়ার বিষয়টি উল্লেখ করে সম্প্রতি লস অ্যাঞ্জেলসে মার্কিন ফেডারেল কোর্ট বিগ–বির বিরুদ্ধে সমন জারি করেন এবং স্লোগান দেওয়ার ঘটনার ব্যাখা দাবি করেন।
অমিতাভ ওই সমন মেনে আদালতে হাজির হননি। আর সেই জন্যই এসএফজে পুরস্কার ঘোষণা করে।