
ভারতের সর্বোচ্চ আদালতের চার জ্যেষ্ঠ বিচারপতির একজন কুরিয়েন জোসেফ বলেছেন, তিনি ও তাঁর তিন সহকর্মী বিচার বিভাগ ও ন্যায়বিচারের স্বার্থে পদক্ষেপ নিয়েছেন। কেরালা রাজ্যে কোচির কাছে কালাদিতে পৈতৃক বাড়িতে গতকাল শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত শুক্রবার সুপ্রিম কোর্টের চার জ্যেষ্ঠ বিচারপতি জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন লোকুর ও কুরিয়েন জোসেফ প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। তাঁরা প্রধান বিচারপতির বিরুদ্ধে নিরপেক্ষতা রক্ষা না করার এবং পক্ষপাতের অভিযোগ তোলেন। সেই সঙ্গে মামলা বণ্টনে স্বচ্ছতা অবলম্বন না করারও অভিযোগ করেন। বিচারপতি চেলামেশ্বর ওই সময় সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনে শৃঙ্খলা নেই এবং গত কয়েক মাসে কাম্য নয় এমন বহু ঘটনা ঘটেছে।
কুরিয়েন জোসেফ গতকাল বলেন, তাঁরা চারজন কেবল বিচার বিভাগ ও ন্যায়বিচারের স্বার্থেই পদক্ষেপটি নিয়েছেন। ওই সংবাদ সম্মেলন করে তাঁরা শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে যে অভিযোগের গুঞ্জন উঠেছে, গতকাল তা প্রত্যাখ্যান করেন এই বিচারপতি। বরং তাঁদের এই পদক্ষেপের ফলে সুপ্রিম কোর্ট প্রশাসনে আরও স্বচ্ছতা আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই বিচারপতি আরও বলেন, এই ইস্যুটিতে মনোযোগ আকর্ষণের প্রয়োজন হয়ে পড়েছিল। এখন যেহেতু এটি সামনে এসেছে, কাজেই বিষয়টির সমাধান অবশ্যই হবে।