ভারতে বিচারক নিয়োগপ্রক্রিয়ায় ‘বিলম্ব করায়’ সরকারের সমালোচনা করেছেন ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার বলেন, সরকারের এ বিলম্বের কারণে বিচার বিভাগ ‘ধ্বংসের’ হুমকিতে পড়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতিদের একটি প্যানেল হাইকোর্টে ৭৫ জন বিচারক নিয়োগের সুপারিশ করে কেন্দ্রীয় সরকারের কাছে তালিকা পাঠান। কিন্তু এ পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে সাড়া মেলেনি।
বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের মতবিরোধ রয়েছে।
দেশের রাজ্যগুলোর প্রায় ২০টি হাইকোর্টে সাড়ে ৪০০ বিচারক নিয়োগ করা প্রয়োজন—এ মর্মে করা জনস্বার্থবিষয়ক মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস ঠাকুর গতকাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি, যখন বিচারকের অভাবে আদালতকক্ষ বন্ধ থাকছে। কর্ণাটকে এমনটা হচ্ছে। তাহলে কেন পুরো বিচার বিভাগ এবং জনগণের বিচার পাওয়ার অধিকার বন্ধ করে দেওয়া হচ্ছে না?’
প্রধান বিচারপতির এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, সরকারের কাছে পাঠানো সুপারিশে ‘অসংগতি’ রয়েছে। প্রতি উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘তাহলে সেগুলো ফেরত পাঠানো হোক।...অহংবোধ থেকে কিছু করবেন না।’ ভারতের অনেক বিশিষ্ট আইনবিদও বলেছেন, দেশটির বিচারক নিয়োগপ্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন।
গত বছর বিচারক নিয়োগে ভারতের পার্লামেন্টে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠনের প্রস্তাব পাস হয়। এ কমিশনে থাকবেন আইনমন্ত্রী ও দেশের দুজন বিশিষ্ট ব্যক্তি। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিরোধীদলীয় নেতার সমন্বয়ে গঠিত প্যানেল ওই দুজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করবে। কিন্তু নতুন এ প্রক্রিয়ায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে বলে অভিমত দিয়ে তা নাকচ করে দেন সর্বোচ্চ আদালত।