বিচারপতি কারনানের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিন্নাস্বামী কারনান
চিন্নাস্বামী কারনান

অবশেষে জেলে যেতে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী কারনানকে। আদালত অবমাননার দায়ে তাঁকে ছয় মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার এই নজিরবিহীন নির্দেশ দেন।
স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম হাইকোর্টে কর্মরত কোনো বিচারপতির এমন সাজা হলো। কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে যেন বিচারপতি কারনানকে গ্রেপ্তার করা হয়।
বিচারপতি কারনান চলতি বছরের গোড়ার দিকে সুপ্রিম কোর্টের ২০ জন বিচারপতির বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ এনেছিলেন। বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন। এরপর কারনানকে মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়। প্রথা ভেঙে এভাবে চিঠি লেখায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়। নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের যাবতীয় বিচার ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার। তাঁর কাছে থাকা বিচার ও প্রশাসনিক বিষয়-সংক্রান্ত যাবতীয় ফাইলপত্র হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ারও নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। কেড়ে নেওয়া হয় সব ক্ষমতা। তবু কারনান সংঘাতের পথ থেকে না সরার সিদ্ধান্ত নেন। এই বিচারপতির অভিযোগ, দলিত শ্রেণির মানুষ বলেই তাঁর বিরুদ্ধে এই কঠোর মনোভাব। পদে পদে অপদস্থ করা হচ্ছে। তাঁর অভিযোগ কানে তোলা হচ্ছে না।
বিচারপতি কারনানকে ‘বোঝানোর’ চেষ্টা করা হলেও শোনেননি। তিনি মানসিকভাবে অসুস্থ প্রমাণিত হলে হয়তো বাঁচানো যেত। বলা হচ্ছে, নানাভাবে চেষ্টা হয়েছিল, যাতে তাঁর বিরুদ্ধে চরম ব্যবস্থা সর্বোচ্চ আদালতকে গ্রহণ করতে না হয়। সেই কারণে সম্প্রতি সুপ্রিম কোর্ট তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেন। কিন্তু ডাক্তারদের কোনো রকম সহযোগিতা করেননি কারনান। উল্টো গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ মোট আটজন বিচারপতির তিনি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তফসিল জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অত্যাচার রুখতে ভারতের প্রচলিত আইনের প্রয়োগ করে ওই রায় দেন তিনি। কিন্তু যেহেতু তাঁর সব দায়িত্ব ও ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তাই তাঁর রায় মূল্যহীন ও অকার্যকর বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেন।
স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে কখনো কোনো বিচারপতির এমন সাজা হয়নি। ভারতের সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করতে গেলে কেবল অভিসংশনের মাধ্যমেই তা করার কথা। সেই প্রস্তাবে সভার সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন। ১৯৯৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামস্বামীর বিরুদ্ধে লোকসভায় অভিসংশন প্রস্তাব আলোচিত হয়। কিন্তু রাজনৈতিক বিভাজনের কারণে কংগ্রেস ভোটদানে বিরত থাকায় সেই প্রস্তাব পাস হয়নি। ২০১১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যসভায় অভিসংশন প্রস্তাব আনা হয়। রাজ্যসভা পাস করার পর তা লোকসভায় যাওয়ার আগেই বিচারপতি সেন পদত্যাগ করেন। ওই বছরই সিকিম হাইকোর্টের বিচারপতি পি ডি দিনাকরণের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিসংশনের প্রস্তাব আনা হয়। তিনিও পদত্যাগ করেন। স্বাধীন ভারতে কোনো বিচারপতিকেই তাই আজ পর্যন্ত অভিসংশিত করা যায়নি। বিচারপতি কারনানের শাস্তি হলো আদালত অবমাননার দায়ে। এটাও দেশের বিচার বিভাগীয় ইতিহাসে প্রথম।