বিচারের অপেক্ষায় সেই সাংবাদিকের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ধর্ষণকাণ্ড ফাঁস করে দিয়েছিলেন যে সাংবাদিক, চিঠিটি প্রকাশের কয়েক মাস পরই তাঁকে খুন হতে হয়। তাঁর ছেলে অংশুল ছত্রপতি বাবা হত্যার বিচার পেতে আজও অপেক্ষায় আছেন।

২০০২ সালে রাম রহিমের সাবেক এক নারী ভক্ত (সাধ্বী) তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বেনামে চিঠি লেখেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। চিঠিটি ২০০২ সালের মে মাসে পত্রিকায় প্রকাশ হয়। ওই বছরের ২৪ অক্টোবর নিজের বাড়ির সামনে গুলিতে নিহত হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। পরে সিবিআই জানায়, চিঠিটি প্রকাশের কারণেই এই সাংবাদিককে হত্যা করা হয়। রামচন্দ্রের ছেলে অংশুল ছত্রপতি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘চিঠিটি প্রকাশের জন্য আমার বাবাকে বেশ কয়েকবার হুমকি দেয়। এরপর স্বপ্রণোদিত হয়ে চিঠিটির ব্যাপারে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ২০০২ সালের ২৪ অক্টোবর আমার বাবার ওপর হামলা হয়, দুই হামলাকারী তাঁকে পাঁচটি গুলি করে।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালে ২৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আমার বাবা হেরে যান। এর আগে স্থানীয় পুলিশকে দেওয়া জবানবন্দিতে হামলার জন্য আমার বাবা ডেরাপ্রধানকেই দায়ী করেন। কিন্তু পুলিশ এফআইআরে তাঁর নাম দেয়নি।’