বিজনেস করিডোরের প্রস্তাব মমতার
নয়াদিল্লি, ১৩ আগস্ট, ২০১৫ (বাসস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।
গতকাল বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে তিনি এই প্রস্তাব করেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, এই চারটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য লুক ইস্ট পলিসি অনুসরণ করে এই বিজনেস করিডোর করা হলে সব’কটি দেশের জন্যই ভালো হবে। মমতা বলেন, তাঁর এ প্রস্তাবের ব্যাপারে এখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি সম্পর্ক অবহিত করেন। তিনি বন্যার ক্ষতি পূরণের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন।
বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে মোদীর সঙ্গে কোনো কথা হয়েছে কি-না জানতে চাওয়া হলে মমতা বলেন, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এসেছেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি।