বিজেপি আস্থা ভোটে জিতলেও বিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি আস্থা ভোটে জিতল ঠিকই, কিন্তু শুরু হলো নতুন বিতর্ক। বোতাম টিপে ভোট নথিবদ্ধ না করানোয় স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কংগ্রেস ও শিবসেনা। এই দুই দলের দাবি, বোতাম টিপে ভোট নথিবদ্ধ হলে সরকারের গরিষ্ঠতা অর্জন সম্ভব হতো না।
মহারাষ্ট্রে ভোটের আগে বিজেপি-শিবসেনার ২৫ বছরের সম্পর্কে চির ধরে আসন ভাগাভাগি এবং মুখ্যমন্ত্রিত্বের প্রশ্ন ঘিরে যে জোটে শিবসেনা ছিল বড় শরিক, সেখানে বিজেপি বেশি আসন ও মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হয়ে দাঁড়ানোয় দুই দলের মধ্যে দূরত্ব বেড়ে যায়। জোট ভাঙে কংগ্রেস-এনসিপিরও। প্রধান চার দলই আলাদা আলাদা লড়াই করে।
বিজেপি একক বৃহৎ দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনে তাদের কারও একজনের সমর্থন প্রয়োজন ছিল। সেই সমর্থনের বিনিময়ে শিবসেনা কেন্দ্রে আরও একজন পূর্ণ মন্ত্রীর দাবি জানায়। বিজেপি তা অগ্রাহ্য করলে শিবসেনা আস্থা ভোটে তাদের বিরোধিতার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নতুন সরকারকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত জানায় এনসিপি। জমে যায় রাজনৈতিক খেলা।
শিবসেনার মুখপত্র সামনায় গতকাল বিজেপির সমালোচনা করে লেখা হয় যে এনসিপি মহারাষ্ট্রের ক্ষতি করেছে, যারা ইঁদুরের মতো রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে, তাদের সাহায্য নিয়ে বিজেপি সরকার চালাতে চাইছে। এনসিপি প্রতিবাদ করে বলে, তারা যদি ইঁদুর হয়, শিবসেনাও তাহলে কোনো বাঘ নয়।
এই পাল্টাপাল্টির মধ্যেই শুরু হয় বিধানসভার অধিবেশন। কংগ্রেস ও শিবসেনা স্পিকার নির্বাচনে না দাঁড়ানোয় বিজেপির হরিভাই বাগড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিসের আস্থা ভোট প্রস্তাবটি কণ্ঠভোটে পাস ঘোষণা করেন স্পিকার। শিবসেনা ও কংগ্রেস ডিভিশনের দাবি জানায়। নিয়ম অনুযায়ী ডিভিশনের দাবি উঠলে স্পিকার তা মেনে নিতে বাধ্য থাকেন। এ ক্ষেত্রে স্পিকার সেই দাবি অগ্রাহ্য করেন।
কংগ্রেস পরিষদীয় দলের নেতা সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেন, ‘এটা একটা কালো দিন। এই সরকার অবৈধ।’ শিবসেনা জানায়, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের কাছে অভিযোগ জানাবে।
কংগ্রেস ও শিবসেনার বোতাম টিপে ভোটদানের দাবির উদ্দেশ্য বিজেপি ও এনসিপির সম্পর্ককে প্রকাশ্যে আনা। তারা মনে করে, সরাসরি বিজেপিকে সমর্থন করা এনসিপির পক্ষে সম্ভব নয়।
বিজেপি-শিবসেনা সম্পর্ক শেষ হতে হতেও কিন্তু শেষ হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিবসেনার একমাত্র পূর্ণ মন্ত্রী অনন্ত গীতে এখনো ইস্তফা দেননি।