বিজেপি-এএপি দ্বন্দ্ব আবার জোরদার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির আম আদমি পার্টির (এএপি) সরকারের সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সংঘাত আবার ক্রমশ জোরালো হয়ে উঠছে। দিল্লির শাসক দল এএপির বিধায়ক দীনেশ মোহানিয়ার জামিনের বিরোধিতাই শুধু দিল্লি পুলিশ করেনি, আদালত তাঁকে ১১ জুলাই পর্যন্ত জেলহাজতে থাকার নির্দেশ দিয়েছেন। দীনেশের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
দীনেশকে গ্রেপ্তার করা হয় অদ্ভুতভাবে। গত শনিবার সংবাদ সম্মেলন করার সময় পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ওই ঘটনার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি আক্রমণ হেনে বলেন, ‘উনি জরুরি অবস্থা জারি করে দিয়েছেন।’
দীনেশ মোহানিয়া দিল্লি পানি বোর্ডের ভাইস চেয়ারম্যান। পানির দাবিতে সম্প্রতি একটি প্রতিনিধিদল তাঁর কাছে গিয়েছিল। সেই দলে কয়েকজন নারীও ছিলেন। ওই নারীদের কেউ কেউ দীনেশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। এরই ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর প্রতিবাদে গত রোববার দিল্লির ৫২ জন বিধায়ক প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে যাওয়ার অভিযানে শামিল হলে তাঁদেরও গ্রেপ্তার করা হয়। উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া পুলিশ কর্তাদের বলেন, ‘আমাদের প্রত্যেকের পেছনে গাদা গাদা পুলিশ রাখা হয়েছে। এতে দিল্লির সাধারণ মানুষ নিরাপত্তা পাচ্ছে না। একসঙ্গে আমাদের জেলে পুরে দিলে মানুষের উপকারই হবে।’
আম আদমি পার্টির সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সংঘাত এ মুহূর্তে চরমে। যুক্তরাজ্যে ‘ব্রেক্সিট’-এর পর এই সংঘাতের নিরসনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্য করার দাবিতে গণভোটের দাবি করেন। এ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। কংগ্রেসের নেতা অজয় মাকেন বলেন, এই দাবি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করবে।
দিল্লি ভারতের রাজধানী বলে এই রাজ্যের পুলিশ এবং জমির অধিকার কেন্দ্রীয় সরকারের। তা ছাড়া কর্মকর্তাদের নিয়োগও কেন্দ্রীয় সম্মতি ছাড়া হয় না। এই অবস্থার নিরসনেই পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে কেজরিওয়ালের গণভোটের ডাক। নির্বাচনের পর থেকে এই নিয়ে বিরামহীন সংঘাত চলছে কেজরিওয়ালের সঙ্গে বিজেপি নেতৃত্ব ও উপরাজ্যপালের। দীনেশ মোহানিয়ার গ্রেপ্তার সেই সংঘাতেরই সর্বশেষ উদাহরণ।