বিজেপি-কংগ্রেস পাল্টাপাল্টি তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংসদ তৃতীয় দিনেও অচলই রইল। বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপি এ দিন তাদের পারস্পরিক আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। ফলে শিগগিরই সংসদের পরিবেশ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা হয়ে উঠল আরও ক্ষীণ।

দুর্নীতির দায়ে অভিযুক্ত আইপিএলের সাবেক প্রধান ললিত মোদি এবং ব্যপম কেলেঙ্কারির জন্য পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ইস্তফার দাবিতেই বিরোধীরা প্রথম প্রথম সরব ছিল। কিন্তু এখন দুই মুখ্যমন্ত্রীকে ছেড়ে তারা সুষমার প্রতি খড়্গহস্ত। লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেসসহ অন্য বিরোধী দল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, প্রথমে পদত্যাগ, তারপর আলোচনা।

কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গতকাল বৃহস্পতিবার লোকসভা মুলতবি হওয়ার পর সংসদ ভবন চত্বরে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা হবে। তবে আগে ইস্তফা দিতে হবে।’ এই কথাই রাজ্যসভায় জানিয়ে দেন সিপিএমের সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ‘আলোচনা পরে। আগে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন।’

সরকার ও বিরোধীদের এই অনমনীয়তার মধ্যে গতকাল সংযোজিত হলো এক নতুন বিতর্ক। এ বিতর্কের কেন্দ্রে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাতা প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র। গতকাল ফেসবুকে রবার্ট পোস্ট করেন, ‘সংসদ শুরু হলো। সেই সঙ্গে শুরু হলো সংকীর্ণ রাজনৈতিক কৌশল। ভারতের জনগণ বোকা নয়। এসব তথাকথিত নেতা দেশ চালাচ্ছেন, এটাই দুঃখের।’

লোকসভায় প্রসঙ্গটি তোলেন বিজেপির দুই সদস্য অর্জুন সিং মেঘাওয়াল ও প্রহ্লাদ যোশী। তাঁদের অভিযোগ, রবার্ট ভদ্র এই মন্তব্যের মধ্য দিয়ে সংসদ ও সাংসদদের অধিকার ভঙ্গ করেছেন। তাঁরা রবার্টের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশও দাখিল করেন এবং স্পিকার সুমিত্রা মহাজন তা গ্রহণ করেন। এরপরেই আক্রমণাত্মক রাহুল সংসদ ভবন চত্বরে নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর জানা উচিত, উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, সারা দেশের। দুর্নীতি নিয়ে এত কথা বলে তিনি এখন মৌনব্রত পালন করছেন। আমাদের পরামর্শ, আপনার বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে; মানুষের উদ্বেগের কথা শুনুন। বিতর্কের জবাব দিন। লোকের জানার অধিকার আছে এসব বিতর্কে তাঁর মতামত কী।’ প্রধানমন্ত্রী অবশ্য গতকাল এই বিতর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি।

বুধবার লোকসভায় প্ল্যাকার্ড নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের তিরস্কার করেছিলেন স্পিকার সুমিত্রা মহাজন। প্ল্যাকার্ড নিয়ে এলে বহিষ্কারের হুমকিও তিনি দিয়েছিলেন। সেই হুমকিকে বিরোধীরা আমল দেননি। বিজেপি সদস্যরাও প্ল্যাকার্ড নিয়ে লোকসভায় ঢোকেন। সেই আক্রমণের লক্ষ্য অবশ্যই কংগ্রেস। একটায় লেখা ছিল ‘উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে, কিশানোকো জমিন দামাদকো বাঁটে।’ যার বাংলা অর্থ: উল্টো চোরই পুলিশকে শাসাচ্ছে, আর কৃষকের জমি জামাইয়ের (রবার্ট ভদ্র) হাতে যাচ্ছে। প্ল্যাকার্ডে কংগ্রেসের পাল্টা স্লোগান: ‘প্রধানমন্ত্রীজি চুপ্পি তোড়ো, সুষমাজিকো বরখাস্ত করো।’ অর্থাৎ, ‘প্রধানমন্ত্রী চুপ করে থাকবেন না, সুষমা স্বরাজকে বরখাস্ত করুন।’

অচলাবস্থা কাটাতে রাজ্যসভার নেতা অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল সব দলের নেতাদের বৈঠকে ডেকেছিলেন। কিন্তু কোনো বিরোধী নেতাই যাননি। বিজেপিও চাপ বাড়িয়েছে। বুধবার তারা উত্তরাখন্ডের কংগ্রেসি মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল। গতকাল অভিযোগ আনে হিমাচল প্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে। বিজেপি নেতা টেলিকমমন্ত্রী এই অভিযোগ তুলে বলেন, কংগ্রেসের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্নীতি তাঁরা ফাঁস করবেন।