
ভারতে বিজেপি-কংগ্রেস সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে। সংসদ লাগাতার অচল থাকছে আগের অধিবেশনের মতো। ঘোর সংশয় দেখা দিয়েছে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু নিয়ে।
ন্যাশনাল হেরাল্ড বিতর্ককে ঘিরে যে রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, কীভাবে তার নিরসন ঘটবে এখনো তা অজানা। সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে কটু মন্তব্য প্রত্যাহার করলেও বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং লোকসভায় ক্ষমা চাননি। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাই গতকাল শুক্রবারও সংসদের দুই কক্ষ অচল রাখে। শিগগির সংসদ সচল হওয়ার কোনো লক্ষণও যে নেই তা বোঝা যাচ্ছে কংগ্রেসি আচরণ নিয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে সোনিয়ার পাল্টা জবাবে।
হিন্দি সংবাদপত্র ‘জাগরণ’-এর এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মোদি বলেছিলেন, ‘কোনো একজনের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছায় গণতন্ত্র চলতে পারে না। আপনারা সবাই দেখছেন গত কয়েক দিনে কীভাবে সব কিছু ব্যক্তিবিশেষের মর্জিমাফিক চলছে। এ যেন আমার যা খুশি তা-ই করব। এভাবে দেশ চলতে পারে?’ মোদির এই মন্তব্যের পিঠে গতকাল সোনিয়া সংসদ ভবনে বলেন, ‘তিনি যা খুশি তা বলুন।’
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলকে দিল্লির নিম্ন আদালতে হাজির হতে হবে ১৯ ডিসেম্বর। আদালতের এই নির্দেশকে কংগ্রেস শাসক দলের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। সংসদও অচল। ফলে জিএসটি বিলের ভাগ্য এই মুহূর্তে বিশ বাঁও জলে। অথচ দেশের প্রবৃদ্ধির জন্য এই অর্থনৈতিক সংস্কারের বিল চালু হওয়া অত্যন্ত জরুরি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর এই বিল পাসের জন্যই নরেন্দ্র মোদি সংসদ চলাকালীনই সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কংগ্রেস সহযোগিতায় রাজিও হয়েছিল। কিন্তু বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর করা ন্যাশনাল হেরাল্ড মামলায় নিম্ন আদালতের জারি করা সমন হাইকোর্ট বহাল রাখায় সব কিছু জট পাকিয়ে যায়। এই অচলাবস্থার জন্যই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল তাঁর পাকিস্তান সফর নিয়ে বিবৃতি দিতে পারেননি। ঠিক হয়েছে, সোমবার সেই বিবৃতি দেবেন তিনি।