বিজেপি-কংগ্রেসের বড় দাতা কালোটাকাধারী
গোমর ফাঁস হয়েছে। বিদেশি ব্যাংকে কালোটাকা রাখা যে তিন ভারতীয় ব্যবসায়ীর নাম দেশটির কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে, তাঁদের মধ্যে একজন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেসের বড়মাপের দাতা।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিজেপি ও কংগ্রেসের ওই দাতার নাম রাধা টিমলো। তিনি গোয়ার খনি ব্যবসায়ী ও টিমলো প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক।
রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দেওয়া বিবরণীর বরাত দিয়ে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) জানিয়েছে, ২০০৪ ও ২০১২ সালের মধ্যে বিজেপিকে এক কোটি ১৮ লাখ এবং কংগ্রেসকে ৬৫ লাখ রুপি দিয়েছেন রাধা টিমলো।
নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করা এডিআরের প্রতিষ্ঠাকালীন সদস্য জগদীশ চক্কর বলেছেন, ২০০৪-২০০৫ ও ২০১১-২০১২ সালের মধ্যে ব্যক্তি ও করপোরেটস পর্যায় থেকে জাতীয় রাজনৈতিক দলের তহবিলে জমা হওয়া অর্থের প্রবাহ বিশ্লেষণ করে দেখা গেছে, টিমলো প্রাইভেট লিমিটেড বিজেপিকে নয়বারে এক কোটি ১৮ লাখ রুপি দান করেছে। অপরদিকে তিনবারে কংগ্রেসকে দিয়েছে ৬৫ লাখ রুপি।
জগদীশ বলেন, ‘এটা রাজনৈতিক দলগুলোর জন্য চোখ খুলে দেওয়ার মতো বিষয়। দলগুলোর উচিত তাদের তহবিলের উৎস সম্পর্কে সতর্ক থাকা।’
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোকে দেওয়া দানের বিষয়ে আরও স্বচ্ছতা থাকা উচিত।
গতকাল সোমবার ভারতের সুপ্রিম কোর্টে এক হলফনামায় বিদেশি ব্যাংকে কালোটাকা রাখা তিন ভারতীয় ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়। তদন্ত শেষে কংগ্রেসের আরও চার নেতার নামও প্রকাশ করা হবে বলে জানা গেছে। প্রথমবারের মতো বিদেশি ব্যাংকে কালোটাকা আমানতকারীদের নাম প্রকাশ করল ভারত সরকার।
নাম প্রকাশ করা ব্যক্তিদের মধ্যে রাধা টিমলো ছাড়া বাকি দুজন হলেন ডাবর ইন্ডিয়া গ্রুপের সাবেক পরিচালক প্রদীপ বর্মণ ও রাজকোটের স্বর্ণ ব্যবসায়ী পঙ্কজ চিমনলাল লোধিয়া। এ ছাড়া টিমলোর পরিবারের আরও চার সদস্যের নাম আছে তালিকায়। তিন ব্যবসায়ীই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় বিদেশি ব্যাংকে যেসব ভারতীয়র টাকা জমা আছে, তাঁদের নাম প্রকাশ করার প্রতিশ্রুতি দেয়। দুর্নীতি কমাতে দলটি বিদেশি ব্যাংকে জমা থাকা শত শত কোটি টাকা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিল সে সময়।
সুপ্রিম কোর্টে সরকারের দেওয়া হলফনামায় বলা হয়েছে, কালোটাকা বিদেশে রেখেছেন—এমন সবার নাম প্রকাশে সরকার অঙ্গীকারবদ্ধ। অনুসন্ধান শেষ হওয়ার পর সব নিয়মনীতি মেনে নাম প্রকাশ করা হবে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কালোটাকার আমানতকারীদের নাম প্রকাশে দেরি করায় বিরোধীরা সমালোচনা শুরু করে। কর আইন অনুসারে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত কারও নাম প্রকাশে বিধিনিষেধের কথা বলা হলে বিরোধী দল কংগ্রেস অভিযোগ করে, বিজেপি ১০০ দিনের মধ্যে নাম প্রকাশ করার প্রতিশ্রুতি থেকে সরে আসছে।
গতকাল সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়, বিদেশি ব্যাংকে কালোটাকা আছে বিরোধী দল কংগ্রেসের এমন চারজন সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে সদ্য বিদায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের একজন মন্ত্রীও আছেন। মহারাষ্ট্রের কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন এমন দুই ব্যক্তিও আছেন।
ভারতীয়দের কালোটাকা বিদেশে: ভারতীয়দের কত কালোটাকা আছে, সরকারিভাবে এর কোনো হিসাব নেই। ২০১১ সালে ভারত সরকার তিনটি প্রতিষ্ঠানকে দেশে ও বিদেশে থাকা কালোটাকার হিসাব বের করার দায়িত্ব দেয়। সংস্থাগুলো তাদের প্রতিবেদন এখনো জমা দেয়নি। ‘ইলিসিট ফিন্যান্সিয়াল ফ্লোস ফ্রম ডেভেলপিং কান্ট্রিস: ২০০২-২০১১’ নামের এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ভারত অবৈধ টাকা বিদেশে পাচারের ক্ষেত্রে তৃতীয় বৃহৎ দেশ। সে বছর দেশটি থেকে প্রায় ৮৫ বিলিয়ন ডলার পাচার হয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটির হিসাব অনুসারে, ১৯৪৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারত থেকে ২৮ লাখ কোটি রুপি পাচার হয়েছে।