
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কংগ্রেসের হাত ধরার’ আহ্বান জানালেন ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক কর্মী সমাবেশে এই আহ্বান জানান রাহুল।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে সর্বশেষ কলকাতায় এসেছিলেন রাহুল গান্ধী। এরপর এলেন গতকাল।
মমতার সমালোচনা করে রাহুল বলেন, মোদির সঙ্গে বাংলাদেশে গেছেন তিনি। কিন্তু মনমোহনের সঙ্গে যেতে চাননি। কেন এই মোদি-মমতা সখ্য?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে কংগ্রেস সহসভাপতি তাঁর উদ্দেশে বলেন, ‘বিজেপিকে ছাড়ুন, কংগ্রেসের সঙ্গে চলুন।’ তিনি বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন মমতা। খেয়াল-খুশিমতো রাজ্য চালাচ্ছেন।
কংগ্রেস নেতা মন্তব্য করেন, ‘মমতাকে এবার গাড়ি থেকে নামতে হবে। কংগ্রেস গাড়ি চালালে তবেই উন্নয়ন হবে এই রাজ্যের। বাংলায় কংগ্রেস না এলে উন্নয়ন হবে না।’
রাহুল গতকাল সকালে হুগলির রিষড়ায় একটি শ্রমিক সমাবেশেও যোগ দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষকে রোজগার দিতে পারেননি মোদি। উন্নয়নের চেয়ে যোগব্যায়াম এবং রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে ব্যস্ত তিনি।