বিজেপি টাকা দিয়ে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াচ্ছে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি এখন টাকা দিয়ে রাজ্যে অশান্তি ছড়াচ্ছে। ধর্মীয় বিভাজন করতে চাইছে। এ রাজ্যে কোনো ধর্মীয় বিভাজন করতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করে আসছে। ভবিষ্যতেও সবাই এই রাজ্যে শান্তিপূর্ণভাবে বাস করবে।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে একটি মিছিলে অংশ নেওয়ার আগে আজ বৃহস্পতিবার দুপুরে মমতা এসব কথা বলেন। মধ্য কলকাতার রাজাবাজার থেকে শুরু হয়ে মিছিলটি মল্লিকবাজারে শেষ হয়।
মিছিল শুরুর আগে রাজাবাজারের মঞ্চ থেকে মমতা বিজেপিকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। সিএএ ও এনআরসি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
বিজেপির মিথ্যা ফাঁদে রাজ্যবাসীকে পা দিতে বারণ করে মমতা বলেন, ‘বিজেপি ভুয়া ভিডিও বানিয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে। বিজেপি মিথ্যা বলছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজেপির কথায় কেউ বিশ্বাস করবেন না। এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। আপনারা নিশ্চিত থাকুন, এই রাজ্যে সিএএ ও এনআরসি কখনো কার্যকর করতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব।’
কর্ণাটকে চলমান সিএএ ও এনআরসিবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করার ঘোষণা দেন মমতা। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল কর্ণাটকে পাঠানো হবে বলে জানান তিনি। ওই প্রতিনিধিদল আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করবে এবং প্রতিটি পরিবারের হাতে পাঁচ লাখ রুপির চেক তুলে দেবে।