বিজেপি-তৃণমূলের জোরদার কথাই লড়াই

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গজুড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার লড়াই তীব্র হচ্ছে। কার পতন কে ঘটাবে, সে লক্ষ্যে মাঠে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের দুই শক্তিশালী দল তৃণমূল ও বিজেপি। সঙ্গে কংগ্রেস ও বাম দলও লড়াইয়ে শামিল। লক্ষ্য সবার এক—লোকসভা নির্বাচনে জিততে হবে।
তৃণমূল বলেছে, পশ্চিমবঙ্গ লোকসভার একটি আসনও বিজেপিকে দেওয়া হবে না। ৪২ আসনেই জিতবে তারা। এ নির্বাচনের মাধ্যমে বিজেপির পতন হবে।
বিজেপি বলেছে, তৃণমূলের পতনের আলামত দেখা যাচ্ছে। এখন বোমাবাজি, হিংসার রাজনীতি, সেতু ভাঙার খেলা আর আগুন লাগার বীভৎসতা মানুষ দেখেছে। তৃণমূল পতনের শেষ কিনারায়।
গতকাল শুক্রবার কলকাতার কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি পতনের কিনারায় এসে দাঁড়িয়েছে। জনগণ এবার বিজেপিকে একটি ভোটও দেবে না। রাজ্যের ৪২টি আসনেই জিতবে তৃণমূল। এখনই জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে রাজনৈতিক ময়দানে।
২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ২টি আসন। কংগ্রেস ৪টি, বাম দল দুটি ও তৃণমূল ৩৪টি আসন পেয়েছিল।
মমতা বলেন, শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে অশান্তি ছড়াতে পারে। দাঙ্গা লাগানো বিজেপির সংস্কৃতি। কোনো প্ররোচনার ফাঁদে পা দেবেন না। ফেসবুকের ফেক নিউজ থেকে সাবধান থাকতে হবে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পতনের শেষ সীমানায় পৌঁছে গেছে তৃণমূল। তৃণমূলের শাসনামলে রাজ্যব্যাপী বোমা ফাটছে, গুলি চলছে, আগুন লাগছে, সেতু ভাঙছে। এ সরকারের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন থেকে পুলিশ, দল—কোথায়ও নেই নিয়ন্ত্রণ। মানুষের জীবনের নিরাপত্তা নেই। জীবনের মূল্য নেই। পুলিশ এখন তৃণমূলের ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
গত বৃহস্পতিবার হুগলির রিষড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেছেন, ‘পঞ্চায়েত নির্বাচনে আমাদের ১০ হাজার কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এক হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো বহু কর্মী কারাগারে। বিজেপিকে আটকে, জেল খাটিয়ে বিজেপিকে দমন করা যাবে না। মানুষ আগামী লোকসভার নির্বাচনে জবাব দেবে।’