বিজেপি নেতার ঘোষণায় ভারতে নিন্দার ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার জন্য বিজেপির এক যুবনেতার পুরস্কার ঘোষণা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে ভারতজুড়ে। যোগেশ ভার্সনে নামে বিজেপির যুব মোর্চার ওই নেতা মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, মমতার মাথা কেউ কেটে এনে তাঁর হাতে দিতে পারলে তাকে ১১ লাখ রুপি পুরস্কার দেবেন। উত্তর প্রদেশের আলিগড়ে যোগেশ ভার্সনে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনা ব্যক্তিকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’ যোগেশের অভিযোগ, পশ্চিমবঙ্গে মমতা সরস্বতী পূজা করতে দেন না। রাম নবমী এবং হনুমানজয়ন্তীতে সমাবেশ করতে দেন না। মুসলমান সম্প্রদায়কে তোষণ করেন। কাজেই তিনি চরম শাস্তি পাওয়ার যোগ্য।
যোগেশ ভার্সনে অভিযোগ করেন, ‘বীরভূম জেলার সিউড়িতে মমতার সরকার মঙ্গলবার হনুমানজয়ন্তীর দিনে যেভাবে এ উপলক্ষে আয়োজিত মিছিলে মিছিলকারীদের রাস্তায় ফেলে পিটিয়েছে, তা মেনে নেওয়া যায় না।’
মুখ্যমন্ত্রী মমতাকে হত্যায় পুরস্কার ঘোষণায় গতকাল বুধবার পশ্চিমবঙ্গসহ গোটা দেশে প্রতিবাদ হয়। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষÿলোকসভায় এ নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির সাংসদেরা। বিভিন্ন দলের পক্ষ থেকে হুমকিদাতা ওই নেতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কী করে ক্ষমতাসীন দলের যুব শাখার এক কর্মী নারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর কথা বলার সাহস পান, এ প্রশ্ন তুলেছেন ভারতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তিনি বলেন, ‘আপনারা গরু রক্ষা করতে পারেন, আর নারীকে না?’
জয়া বচ্চন বলেন, ‘একজন নারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী করে এমন মন্তব্য করা সম্ভব? এমনিতেই পরিবেশ যখন নারীদের জন্য অনুকূল নয়?...আপনারা গরু রক্ষা করতে পারেন। কিন্তু নারীরা নৃশংসতার শিকার হয়।’ নারীদের নিরাপত্তার জন্য সরকারের জোরদার পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন জয়া।