বিজেপি প্রার্থীকে নিতীশের সমর্থনের সিদ্ধান্ত
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার রাষ্ট্রপতি পদের নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর দলের শীর্ষ নেতারা।
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণে সম্প্রতি বিজেপির কয়েকজন শীর্ষ নেতা বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চালান। তাতে মনে করা হচ্ছিল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সর্বসম্মতভাবে কাউকে প্রার্থী বাছাই করবে। কিন্তু দীর্ঘদিন বিজেপির রাজনীতিতে সম্পৃক্ত বিহারের রাজ্যপাল কোবিন্দকে মনোনয়ন দেওয়ায় বিরোধী দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ বৃহস্পতিবার কংগ্রেসসহ বিরোধী দলগুলোর আলোচনায় বসার কথা রয়েছে।
জনতা দলের (জেডি-ইউ) শীর্ষস্থানীয় নেতারা গতকাল বুধবার বলেন, নিতীশ এদিন সন্ধ্যায় শারদ যাদবসহ দলের অন্য সহকর্মীদের সঙ্গে বৈঠকে করে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে যে রাষ্ট্রপতি পদে বিরোধী দলের কোনো প্রার্থীকে সমর্থন করবেন না তাঁরা। রাষ্ট্রপতি পদে কোবিন্দকে মনোনয়নে কথা বিজেপি জানানোর পর জনতা দলের এ সিদ্ধান্ত সোমবারই বিরোধী কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী ও শরিক লালু প্রসাদ যাদবকে নিতীশ জানিয়ে দেন বলে জানা গেছে।
বিহার রাজ্য বিধানসভায় জেডি-ইউ দলের চিফ হুইপ রত্নেশ সাদা বলেন, নিতীশ দলের নেতাদের জানিয়ে দিয়েছেন তাঁর দল কোবিন্দকে সমর্থন দেবে। পাটনায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘এই প্রথম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিহারের রাজ্যপালকে বাছাই করা হলো। আমরা সবাই তাঁকে সমর্থন করছি, মুখ্যমন্ত্রীও করছেন...এটা বিহারের জন্য ভালো।’
বিহারের রাজ্যপাল হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাওয়ায় ৭১ বছর বয়সী হিন্দু দলিত সম্প্রদায়ের মানুষ রামনাথ কোবিন্দের বিশেষ প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।