রাষ্ট্রপতি পদে শাসক বিজেপি কার নাম প্রস্তাব করছে, তা দেখে সিদ্ধান্ত নেবে বিরোধীরা। গতকাল শুক্রবার কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর উদ্যোগে ১৭ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনাও করা হয়। গতকালই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বছর পূর্ণ করলেন।
রাষ্ট্রপতি হিসেবে বিরোধীরা কী করবেন, গত কয়েক দিন থেকে এ নিয়ে আলোচনা চলছিল। সোনিয়া গান্ধী নিজেই উদ্যোগ নিয়ে বিভিন্ন বিরোধী নেতা-নেত্রীর সঙ্গে কথা বলছিলেন। গতকাল দুপুরে ১৭ দলের এই নেতা-নেত্রীরা সংসদ ভবনে মিলিত হন। সেই বৈঠকেই ঠিক হয়, বিরোধীরা আগে থেকে রাষ্ট্রপতি হিসেবে কোনো নাম প্রস্তাব করবে না। সরকারপক্ষ কী করছে, দেখে নিয়ে তারা পদক্ষেপ নেবে।
বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, সব দলের সম্মতিক্রমে রাষ্ট্রপতি হওয়াই বাঞ্ছনীয়। সরকার সেই পদে কাকে মনোনীত করছে, তা আগে দেখে পরে ব্যবস্থা। মমতা বলেন, রাষ্ট্রপতির সংবিধান-জ্ঞান থাকা উচিত। ধর্মনিরপেক্ষ হওয়াও উচিত। সরকারপক্ষ যাঁকে পছন্দ করবে, তাঁকে বিরোধীদেরও পছন্দ হলে ভালো কথা। না হলে বিরোধীরা তখন প্রার্থী দেওয়ার কথা ভাববে। একটি ছোট কমিটি তখন সেই সিদ্ধান্ত নেবে। মমতা বলেন, এই বৈঠকে কোনো নাম নিয়ে আলোচনা হয়নি।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রকারান্তরে বিরোধীরা রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তাদের সঙ্গে শাসক গোষ্ঠীকে আলোচনারই প্রস্তাব দিল। মমতা বলেন, ২০০২ সালে ঠিক এমনই হয়েছিল। অটল বিহারি বাজপেয়ি সবার সঙ্গে আলোচনা করেই এ পি জে আবদুল কালামকে রাষ্ট্রপতি পদে বেছে নিয়েছিলেন। নব্বই শতাংশ রাজনৈতিক দল সহমত হয়েছিল। আলোচনা করে সর্বসম্মত প্রার্থী হওয়াই বাঞ্ছনীয়।
মোদি সরকারের তিন বছর পূর্ণ হলো শুক্রবার। এই বৈঠকে বিরোধীরা সরকারের সমালোচনা করে। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মোদি সরকার সব দিক দিয়ে ব্যর্থ। সফল শুধু একটি ক্ষেত্রে। স্বাধীনতার পর আজ পর্যন্ত যা হয়নি, এই সরকারের আমলে তা সম্ভব হয়েছে। জম্মু-কাশ্মীরের মাটিতে পাকিস্তানের পতাকা আজ পতপত করে উড়ছে। বিএসপি নেত্রী মায়াবতী সরকারের সমালোচনা করে বলেন, এই তিন বছরে দেশে সবচেয়ে খারাপ রয়েছে দুর্বল শ্রেণি, দলিত, সংখ্যালঘু ও কৃষকেরা। কংগ্রেসের গুলাম নবী আজাদ বলেন, বিরোধী নেতারা ঠিক করেছেন, সংসদেও তাঁরা সংগঠিতভাবে সরকারের বিরুদ্ধাচরণ করবেন।
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধীদের একজোট করাই ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর লক্ষ্য। তবে এই বৈঠকে ওডিশার বিজু জনতা দল ও তামিলনাড়ুর এআইএডিএমকে যোগ দেয়নি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ছাড়া যোগ দিয়েছিল এনসিপি, জনতা দল (সংযুক্ত), সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, আরজেডি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, কেরালা কংগ্রেস, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, মুসলিম লিগ, জনতা দল (ধর্মনিরপেক্ষ), আসামের এআইইউডিএফ, সিপিআই, সিপিএম ও আরএসপি। বিরোধীদের এই জোটবদ্ধ হওয়াকে বিজেপি আদৌ আমল দেয়নি। দলের মুখপাত্র নরসিংহ রাও বলেন, বিরোধীরা চেষ্টা করছে করুক। কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হবে না।